চট্টগ্রামে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ © টিডিসি ফটো
৪ মাসের বকেয়া বেতন পরিশোধ ও চাকরি বহাল রাখার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স লিমিটডের ২ শতাধিক পোশাকশ্রমিকরা। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের নগরের অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপো মোড়ে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। বেলা চারটা পর্যন্ত এ অবরোধের কারণে দীর্ঘ যানজটের কারণে পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকরা জানান, হঠাৎ নোটিশ দিয়ে প্রতিষ্ঠানের মালিকানা হস্তান্তরের কথা জানানো হয়েছে। নতুন মালিকের অধীনে চাকরি বহাল রাখার কথা বলা হলেও চার মাসের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। এতে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।
তারা আরও জানান, ওই নোটিশে বলা হয়েছে আগামী ২০ থেকে ২২ আগস্টের মধ্যে নতুন মালিক কারখানায় এসে শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ প্রতিনিধি ও রাষ্ট্রপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বলে জানানো হয়েছে। তবে বেতনের বিষয়ে ভরসা পারছেন না শ্রমিকেরা।
রহিমা নামের এক শ্রমিক বলেন, নতুন মালিকের অধীনে কাজ করতে বলা হচ্ছে। কিন্তু আমাদের বকেয়া বেতনের বিষয়ে কেউ কোনো সমাধান দিচ্ছে না। শারমিন নামের আরেক শ্রমিক বলেন, চার মাস ধরে বেতন পাইনি। এখন শুনছি কারখানা বিক্রি হয়ে গেছে। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত সড়ক ছাড়বনা।
এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনেন। বিকেল চার টার দিকে পুলিশের আশ্বাস দিলে সড়ক অবরোধ থেকে সরে যান শ্রমিকরা।
এই বিষয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, কারখানার মালিকানা পরিবর্তন ও চার মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিকেরা আন্দোলনে নেমেছিলেন। আতুরার ডিপো এলাকায় সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বেলা চারটার দিকে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বেতন-ভাতাসহ অন্যান্য সংকট নিরসনে শ্রমিক নেতা ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।