৮ মাসে হাতে সম্পূর্ণ কোরআন লিখলেন জান্নাত

১৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮ PM
৮ মাসে হাতে সম্পূর্ণ কোরআন লিখলেন জান্নাত

৮ মাসে হাতে সম্পূর্ণ কোরআন লিখলেন জান্নাত © সংগৃহীত

কুমিল্লার লাকসামে মাত্র আট মাসে নিজ হাতে সম্পূর্ণ পবিত্র কোরআন শরিফ লিখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুরাইয়া জান্নাত নামের এক শিক্ষার্থী। তার হাতের লেখা এতটাই নিখুঁত যে তা অনেকটা ছাপা অক্ষরের মতোই দেখায়।

সুরাইয়া জান্নাত লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের সৌদি প্রবাসী নুর হোসেন লিটন ও জান্নাতুল ফেরদৌস দম্পতির মেয়ে। তিনি মুদাফরগঞ্জ এ ইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সুরাইয়া জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি তিনি কোরআন শরিফ লেখা শুরু করেন। মাদ্রাসার নিয়মিত পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে লিখতেন। প্রায় আট মাসের চেষ্টায় আগস্টের শেষ দিকে তিনি ৩০ পারার ১১৪টি সূরার সম্পূর্ণ কোরআন শরিফের অনুলিপি লেখা শেষ করেন। এ কাজে তার প্রায় ৫৫টি কলম লেগেছে এবং মোট ১ হাজার ১২৯ পৃষ্ঠায় কোরআন শরিফটি লিপিবদ্ধ করেছেন তিনি।

কোরআন লেখার সময় পবিত্রতা বজায় রাখার বিষয়েও বিশেষ সতর্ক ছিলেন সুরাইয়া। তিনি জানান, প্রতিবার লেখার আগে অজু করে নিতেন এবং নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করে লেখা শুরু করতেন।

নিজ হাতে কোরআন লেখার অনুপ্রেরণা সম্পর্কে সুরাইয়া বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং রাসুল (সা.)-এর শাফায়াত লাভের পবিত্র উদ্দেশ্যেই তিনি এই কঠিন কাজটি করেছেন। সমবয়সীরা যখন মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটায়, তখন তিনি সেই সময় কোরআন লেখার কাজে ব্যয় করেছেন।

এই কাজে তাকে সার্বক্ষণিক উৎসাহ দিয়েছেন তার ছোট ভাই নাহিদ হাসান। সে আবেদনগর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুরাইয়া জানান, তিনি হাদিসের বিখ্যাত গ্রন্থ সহিহ বুখারি নিজ হাতে লেখার ইচ্ছা রাখেন। পাশাপাশি গরিব, দুঃখী ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে চান।

মেয়ে এমন বিরল কীর্তি অর্জন করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুরাইয়ার মা জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, ছোটবেলা থেকেই সুরাইয়ার আরবি ভাষা ও লেখালেখির প্রতি বিশেষ আগ্রহ ছিল। মেয়ের এই মহৎ কাজে খুশি হয়ে সৌদি প্রবাসী বাবা নুর হোসেন লিটন তাকে এক লাখ টাকা পুরস্কার দিয়েছেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানাও সুরাইয়ার প্রশংসা করেছেন। তিনি বলেন, বয়সের এই সময়ে নিজ হাতে সম্পূর্ণ কোরআন লেখা অসাধারণ একটি দৃষ্টান্ত। তার হাতের লেখাও ছাপা অক্ষরের মতো নিখুঁত।

ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুরাইয়া জান্নাতকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬