ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

১১ আগস্ট ২০২৬, ১০:৪১ PM
ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। © টিডিসি ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি বাজারে অভিযান চালিয়ে মৎস্য ও পশুখাদ্য বিক্রেতা পাঁচ ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আঠারোবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় অপরাধ করায় পাঁচ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে দণ্ডের অর্থ আদায় করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—আঠারবাড়ি রায়বাজারের ভুসি মহলের দুলাল এন্টারপ্রাইজের আবুল হোসেন (৬০), বিসমিল্লাহ স্টোরের খাইরুল ইসলাম (২৫), হাওয়া স্টোরের জাহাঙ্গীর (৪৫), বিসমিল্লাহ স্টোরের মাইজুল (৪০) এবং মুন্সি এন্টারপ্রাইজের কামরুল হাসান (৩৬)। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদ ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানজিদা রহমান বলেন, ‘মৎস্য ও পশুখাদ্যের মান ও বৈধতা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। অভিযানে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় অপরাধের প্রমাণ পাওয়ায় পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তা আদায় করা হয়েছে। আইন অমান্য করে কেউ ব্যবসা পরিচালনা করলে ভবিষ্যতেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬