ডেন্টাল সার্জন থাকলেও যন্ত্রপাতির অভাবে প্রায় বন্ধ দন্তসেবা

 গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে

 গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে © টিডিসি

প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে কার্যত অচল হয়ে পড়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগ। দুজন ডেন্টাল সার্জন কর্মরত থাকলেও দাঁত তোলা ও সাধারণ প্রাথমিক চিকিৎসার বাইরে কোনো আধুনিক দন্তসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে রুট ক্যানেল, স্কেলিং, স্থায়ী ফিলিং ও দাঁতের জটিল রোগের চিকিৎসার জন্য উপজেলার হাজারো মানুষকে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা দূরের হাসপাতালে যেতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগে ডেন্টাল সার্জনের পাশাপাশি সহকারী ডেন্টাল সার্জনের পদ রয়েছে। তবে ল্যাবরেটরি টেকনোলজিস্ট (ডেন্টিস্ট) পদটি বর্তমানে শূন্য। এর সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট থাকায় চিকিৎসকদের দক্ষতা কাজে লাগানো যাচ্ছে না। অনেক সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে না পেরে চিকিৎসকরাও বিব্রত ও অসহায় হয়ে পড়ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের ডেন্টাল ট্রিটমেন্ট ইউনিট প্রায় বিকল অবস্থায় রয়েছে। নেই কার্যকর ডেন্টাল এক্স-রে (আইওপিএ) মেশিন, স্কেলিং মেশিন, রুট ক্যানেল চিকিৎসার সরঞ্জাম, আধুনিক ডেন্টাল চেয়ারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি। ফলে স্থায়ী ফিলিং, স্কেলিং, রুট ক্যানেল ও জটিল সংক্রমণের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

চিকিৎসা নিতে আসা পৌর এলাকার এক বাসিন্দা বলেন, ‘দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলাম। কিন্তু ন্যূনতম চিকিৎসাও দিতে পারেনি। জানানো হয়েছে, ডেন্টাল চেয়ারটি নষ্ট। তাই বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়া দন্ত বিভাগের পরিবেশও খুব নোংরা ও অপরিচ্ছন্ন। এমন পরিবেশে চিকিৎসা নিতে অস্বস্তি লাগে।’

আরেক সেবাগ্রহীতা বলেন, ‘সরকার যদি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়, তাহলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগকে আধুনিকায়ন করতে হবে। দীর্ঘদিন ধরে বিকল যন্ত্রপাতি দ্রুত মেরামত এবং প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে পূর্ণাঙ্গ দন্তসেবা চালু করা জরুরি।’

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা. সাবিকুননাহার লিজা বলেন, ‘দাঁত তোলা ছাড়া আমরা কার্যত অন্য কোনো চিকিৎসা দিতে পারছি না। ডেন্টাল চেয়ারসহ অনেক যন্ত্রপাতি নষ্ট। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেকনিশিয়ান দিয়ে মেরামতের চেষ্টা করা হলেও অল্প সময়ের মধ্যেই আবার নষ্ট হয়ে যায়। পরে তারা জানান, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অনেক যন্ত্রপাতি এখন আর মেরামতযোগ্য নয়।’

ডেন্টাল সার্জন ডা. মো. তরিকুল ইসলাম বলেন, ‘টেম্পোরারি ফিলিং করার ওষুধ থাকলেও স্থায়ী ফিলিংয়ের উপকরণ নেই। রুট ক্যানেল চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধও নেই। ফলে চাহিদা থাকা সত্ত্বেও এসব সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।’

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন বলেন, ‘বর্তমানে আমরা প্রাথমিক দন্ত চিকিৎসাসেবা দিতে পারছি। তবে জটিল চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা নেই। ডেন্টাল এক্স-রে মেশিন, সাকশন মেশিনসহ আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় দুইজন ডেন্টাল সার্জন কর্মরত থাকলেও রোগীদের পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না।’

স্থানীয়দের দাবি, দ্রুত প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, বিকল সরঞ্জাম প্রতিস্থাপন এবং শূন্য পদ পূরণের মাধ্যমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগকে পূর্ণাঙ্গভাবে চালু করা হোক, যাতে সাধারণ মানুষ সরকারি পর্যায়ে মানসম্মত দন্ত চিকিৎসাসেবা পেতে পারেন।

শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 
  • ১৮ জুলাই ২০২৬
৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে …
  • ১৮ জুলাই ২০২৬
বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর
  • ১৮ জুলাই ২০২৬
বদলির পূর্বে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে কী হবে?
  • ১৮ জুলাই ২০২৬
১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • ১৮ জুলাই ২০২৬
ফিলিপাইন যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী-নার্সিং ডিজি-প…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence