প্রসববেদনায় কাতর পানিবন্দি গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিল ফায়ার সার্ভিস

পানিবন্দি অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

পানিবন্দি অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে পড়া মিজবাহুল জান্নাত (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ প্রসববেদনায় কাতরাচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ছয়টার দিকে উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর ওই গৃহবধূ একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গেছে।

গৃহবধূ মিজবাহুল জান্নাত একই এলাকার প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। টানা কয়েক দিনের ভারী বর্ষণে ডলু নদীর পানিতে তাদের গ্রাম প্লাবিত হয়েছে।

জানা যায়, বুধবার (৮ জুলাই) গভীর রাতে গৃহবধূ মিজবাহুল জান্নাতের প্রসববেদনা শুরু হলে পরিবারের সদস্যরা চরম উদ্বেগে পড়েন। তাদের চলাচলের একমাত্র সড়ক পানিতে ডুবে যাওয়ায় হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্ট্রেচারের মাধ্যমে তাকে নিরাপদে উদ্ধার করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

লোহাগাড়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ রিয়াদ বলেন, সময়মতো ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে না পৌঁছালে মা ও অনাগত শিশুর জীবন ঝুঁকির মুখে পড়তে পারত। তাদের এই মানবিক ও তাৎক্ষণিক পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, ‘খবর পেয়ে ওই গৃহবধূকে নিরাপদে উদ্ধার করা হয়। এরপর স্ট্রেচারের মাধ্যমে তাকে বহন করে অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। বন্যাকবলিত এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।’

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের কর্মকর্তা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পর্যটনের নতুন সম্ভাবনা চর কুকরি-মুকরি, প্রকৃতির টানে বাড়ছে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬