ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ জেটি ঘাটে বাঁধা নৌকা

টেকনাফ জেটি ঘাটে বাঁধা নৌকা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। অপহৃত পাঁচ মাঝিমাল্লাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার (২৯ জুন) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

অপহৃতরা হলেন মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) ও মো. আইয়ুব (২৪)।

বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। হঠাৎ করে আবারও জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উপকূলের জেলেপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’

স্থানীয় জেলেদের ভাষ্য, রবিবার সকালে প্রতিদিনের মতো টেকনাফের কায়ুকখালী ঘাট থেকে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। পরে ছেড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে আটক করে এবং ট্রলারসহ পাঁচ জেলেকে নিয়ে যায়। এ সময় আশপাশে থাকা আরও কয়েকটি মাছ ধরার ট্রলার দ্রুত এলাকা ছেড়ে নিরাপদে সরে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জেনেছি, তারা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’

মেসির দুঃখগাথা যেন শেষ হচ্ছেই না
  • ১৬ আগস্ট ২০২৬
ইতিহাস গড়লেন মিরাজ
  • ১৬ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬