অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৫ জুন ২০২৬, ০৭:৪৬ PM , আপডেট: ২৫ জুন ২০২৬, ০৭:৪৭ PM
সড়ক অবরোধ

সড়ক অবরোধ © টিডিসি ফটো

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন সহকর্মীরা। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার টেপিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের মধ্যস্থতায় প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

নিহত শ্রমিকের নাম লিজা আক্তার (৩৫)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলা গ্রামের বিদ্যুৎ মিয়ার স্ত্রী। বর্তমানে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় ভাড়া বাসায় থেকে কালার অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

সহকর্মীদের অভিযোগ, লিজা আক্তার অসুস্থ থাকা সত্ত্বেও ছুটি না পেয়ে কাজে যোগ দিতে বাধ্য হন। একপর্যায়ে কর্মস্থলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, অসুস্থতার কারণে লিজা এর আগে ১৫ দিনের ছুটিতে ছিলেন। ছুটি শেষে গত ২৪ জুন রাত ১০টায় তিনি নাইট শিফটে কাজে যোগ দেন। কাজ করার সময় শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ছুটি চান। তবে ছুটি না পেয়ে তাকে কাজ চালিয়ে যেতে হয় বলে অভিযোগ করেন সহকর্মীরা।

পুলিশ জানায়, রাত প্রায় ৩টার দিকে লিজা আক্তার হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে প্রথমে স্থানীয় আল হেরা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হলে ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টেপিরবাড়ি এলাকায় কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। একপর্যায়ে তারা মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রায় দুই ঘণ্টা পর বেলা ১১টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শ্রমিকরা সড়ক ছাড়েন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, একজন শ্রমিকের মৃত্যুর ঘটনায় অন্য শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিকুল ইসলাম বলেন, লিজা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উচ্চ রক্তচাপজনিত জটিলতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এ বিষয়ে কালার অ্যান্ড কোম্পানি লিমিটেড-এর মালিক আব্দুস সালামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে সরাসরি ভাইভা দিয়ে চাকরি, কেন্দ্…
  • ৩১ আগস্ট ২০২৬
মোটরসাইকেল গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ৩১ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুনে জড়িত সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্ত…
  • ৩১ আগস্ট ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি আবেদন শুরু ২ সেপ্টেম্বর, জানা গেল…
  • ৩১ আগস্ট ২০২৬
জামালপুরে নারী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ…
  • ৩১ আগস্ট ২০২৬
মাত্র ১ বছরের অভিজ্ঞতায় চাকরি দেবে সিটি ব্যাংক
  • ৩১ আগস্ট ২০২৬