যশোরে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

০৭ জুন ২০২৬, ০৪:৩৭ PM
যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি

যশোর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি © টিডিসি

এফসিপিএস প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল, কার্যকর প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (৭ জুন) বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন, যশোর জেলা শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে হাসপাতালের প্রায় ২০০ থেকে ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় আন্দোলনরত চিকিৎসকেরা এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত বৈষম্যমূলক অধ্যাদেশ বাতিল এবং চিকিৎসকদের জন্য মানসম্মত প্রশিক্ষণ ও ন্যায্য ভাতা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা. মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক ডা. মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য অবিলম্বে কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ইন্টার্ন চিকিৎসকদের প্রাপ্য ন্যায্য ভাতা প্রদান করতে হবে। বৈষম্যমূলক অধ্যাদেশ চাপিয়ে দিয়ে চিকিৎসকদের অধিকার ক্ষুণ্ন করা যাবে না উল্লেখ করে তারা ঘোষণা দেন, উত্থাপিত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের এই কর্মবিরতি ও শান্তিপূর্ণ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের আকস্মিক এই কর্মবিরতির কারণে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা কিছুটা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে হাসপাতাল প্রাঙ্গণে রোগীদের দুর্ভোগ কমাতে অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর রয়েছে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬