মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯

 কোস্টগার্ডের সদস্যরা ও ভুক্তভোগীরা

কোস্টগার্ডের সদস্যরা ও ভুক্তভোগীরা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়াগামী একটি বোটে অভিযান চালিয়ে ৫০ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা রয়েছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

শনিবার (৬ জুন) দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী দ্বীপ ও বাহারছড়ার সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বাহারছড়া উপকূল সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। তল্লাশির সময় বোটে থাকা ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচারের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং অন্যরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হতো। এরপর সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল চক্রটির।

এ ছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, উদ্ধার করা ভুক্তভোগী, আটক মানব পাচারকারী এবং জব্দ করা বোটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড।

দেশের প্রথম রোবোটিক সার্জারি ইউনাইটেড হেলথকেয়ারে, চিকিৎসায় …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগ দেবে কর্মকর্তা-ক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬