‘ছুটির ঘণ্টা’ স্টাইলে শৌচাগারে আটকে শিশুর প্রাণসংকট, অতঃপর...

১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ PM
শিক্ষার্থী সাদিয়া

শিক্ষার্থী সাদিয়া © সংগৃহীত

মেহেরপুরে ‘ছুটির ঘণ্টা’ চলচ্চিত্রের মতোই শৌচাগারে আটকা পড়ে প্রাণসংকটে পড়েছিল এক শিশু। স্কুল ছুটির পর তালাবদ্ধ ভবনের ভেতরে দীর্ঘ সময় আটকে থেকে চিৎকার করলেও কোনো সাড়া না পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই শিক্ষার্থী, পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হৃদয়বিদারক ও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। 

ওই শিক্ষার্থীর নাম সাদিয়া (৮)। সে তৃতীয় শ্রেণিতে পড়ে।

জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) বিকেল প্রায় চারটার দিকে ছুটি হলে শিক্ষকরা যথারীতি স্কুল ত্যাগ করেন। ওই সময় শৌচাগারে থাকা সাদিয়া তালাবদ্ধ অবস্থায় ভেতরে আটকা পড়ে যায়। সময় গড়াতে থাকলে শিশুটি ভয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। তার সেই হৃদয়বিদারক চিৎকার স্কুলসংলগ্ন পথচারীদের কানে পৌঁছালে বিষয়টি সামনে আসে।

এদিকে নির্ধারিত সময়েও বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন সাদিয়ার বাবা পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম। খোঁজ নিতে এসে তিনিও স্থানীয়দের সঙ্গে যুক্ত হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করেন। কিন্তু বিদ্যালয় ভবনের কলাপসিবল দরজা ভেঙে বা খুলে শিশুটিকে বের করা সম্ভব না হওয়ায় স্থানীয়রা একপর্যায়ে স্কুলের এক শিক্ষিকাকে ডেকে আনেন। প্রায় এক ঘণ্টার উৎকণ্ঠার পর শিক্ষিকা লিনা ভট্টাচার্যের উপস্থিতিতে অবশেষে সাদিয়াকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি ভীত-সন্ত্রস্ত অবস্থায় ছিল।

ঘটনাটি রাত সাড়ে ১১টার দিকে জানাজানি হলে গণমাধ্যমকর্মীরা বিদ্যালয়ের অফিসিয়াল নম্বরে যোগাযোগের চেষ্টা করেন। তবে বিষয়টি জানতে চাইলে ফোন কেটে দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও কয়েকজন গণমাধ্যমকর্মী ওই নম্বরে কল দিলেও আর কোনো সাড়া পাওয়া যায়নি। এতে করে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত প্রায় ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য নেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মেয়েটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছে, এটাই স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হবে। বৃহস্পতিবার এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হবে।

কর্মসংস্থানের নতুন দুয়ার, সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে কা…
  • ২৫ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান
  • ২৫ আগস্ট ২০২৬
সেনাসদস্য সেজে সড়কে ভুয়া তল্লাশি, আটক দুই প্রতারক
  • ২৫ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন ১০ হাজার ছাড়াল
  • ২৫ আগস্ট ২০২৬
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় পেছাল
  • ২৫ আগস্ট ২০২৬
ফের নিরাপত্তাহীনতার অভিযোগ আনলেন বাংলাদেশের সেই কোচ
  • ২৫ আগস্ট ২০২৬