গাজীপুরে তিন ফিলিং স্টেশনকে ৮২ হাজার টাকা জরিমানা

০২ এপ্রিল ২০২৬, ১২:২৬ PM
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারিয়া তাসনিম

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারিয়া তাসনিম © টিডিসি

জ্বালানি তেল নিয়ে কারসাজি, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি প্রতিরোধে গাজীপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জেলাব্যাপী সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি ফিলিং স্টেশনকে ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে মহানগরের পূবাইল, বাসন ও ভুরুলিয়া এলাকায় পরিচালিত অভিযানে জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা, কাগজপত্রে ত্রুটি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি মামলায় এসব জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারের অস্থিরতা দূর করা, কৃত্রিম সংকট প্রতিরোধ ও ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি প্রতিরোধ, সংরক্ষিত তেলের মজুত যাচাই, বিক্রয় রশিদ পর্যালোচনা এবং সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারিয়া তাসনিম জানান, মহানগরের পূবাইল থানাধীন তুরাগ ফিলিং স্টেশন মালিককে অবৈধভাবে তেল মজুতের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই দিনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বাসন থানার হক মার্কেট এলাকায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি এবং বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া পরিমাপ যন্ত্র ব্যবহারের অভিযোগে মেসার্স বাবুল টেলিকমের মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া কাগজপত্রে ত্রুটি পাওয়ায় মহানগরের সদর থানার ভুরুলিয়া এলাকার মেসার্স মাহির এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নূরুল করিম ভূঁইয়া বলেন, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা ও সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা নোবিপ্রবি উপা…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬