যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহনীয় যানজটে ভোগান্তি

১৮ মার্চ ২০২৬, ০৯:৪৪ PM , আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ PM
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার : অসহনীয় যানজটে ভোগান্তি

যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার : অসহনীয় যানজটে ভোগান্তি © সংগৃহীত

এনজিও কর্মী শহিদুল আলম যশোর শহরের আরবপুর পাওয়ার হাউজ পাড়ার বাসিন্দা। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়স্থ তার অফিসের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে অফিসে যেতে সময় লাগে মিনিট বিশেকের মত। কিন্তু তিনি প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখেই রওনা দেন। তারপরও সড়কের তীব্র যানজটের কারণে সময়মত পৌঁছাতে পারেন না অফিসে। প্রতিদিনের মত রবিবার সকালেও কোর্ট মোড়ে যানজটে আটকা পড়ে রিক্সার ভেতরে বিরক্ত তিনি। জানতে চাইলে তিনি বলছিলেন, ইদানীং শহরে চাহিদার চেয়েও যানবাহনের সংখ্যা বেড়েছে। ব্যস্ততম সড়কের মোড়ে মোড়ে যানজটে আটকে থাকতে হচ্ছে। সড়কে বের হলেই বিরক্ত লাগে। ছোট্ট শহরেও বড় শহরের মত যানজট। ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনা তো আছেই। এর ফলে আগেভাগেই বাসা থেকে বের হতে হচ্ছে।

যশোর শহরে অবৈধ রিক্সা-ইজিবাইকের চাপ বেড়ে যাওয়ায় সড়কগুলোতে অসহনীয় যানজটে শহিদুলের মত কয়েক লাখ মানুষ প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছে।

যশোর পৌরসভা কার্যালয় সূত্রমতে, শহরে পা চালিত (প্যাডেল) অনুমোদিত রিকশার সংখ্যা ১৫শ’। অনুমোদিত ইজিবাইকের সংখ্যা ২ হাজার ৯৭৫ ও স্মার্ট রিকশার সংখ্য ২৯টি। অথচ অনুমোদনবিহীন রিকশা, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা প্রায় ২০ হাজারের বেশি। এতে যানজট ভয়াবহ রূপ নিয়েছে। অসহনীয় যানজটে দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। বিশেষত জেলা শহরের ব্যস্ততম দড়াটানা, চিত্রা মোড়, জজকোর্ট মোড়, হাসপাতাল মোড়, কুইন্স হাসপাতালের সামনে, পোস্ট অফিসের সামনে, চিত্রার মোড়, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, চৌরাস্তা ও মনিহার এলাকার সব সময় যানজট লেগেই থাকে।

শহরবাসীর ভাষ্য, তিন চাকার যানবাহনের কারণে শহরের সব সড়ক অনিরাপদ হয়ে উঠেছে। দুর্ঘটনার আতঙ্ক নিয়ে পথচারীদের চলাফেরা করতে হচ্ছে। সড়কে তিন চাকার যানের দাপট নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেই। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, তিন চাকার যান কমাতে আট বছর ধরে পৌরসভা থেকে কোনো নিবন্ধন দেওয়া হচ্ছে না। কিন্তু আশপাশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধন নেওয়া ইজিবাইক শহরে ঢুকে পড়ছে। জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া অবৈধ যান নিয়ন্ত্রণ করা পৌরসভার একার পক্ষে সম্ভব নয়।

নাগরিক অধিকার আন্দোলন যশোরের সমন্বয়ক শেখ মাসুদুর রহমান মিঠু জানান, শহরের ট্রাফিক ব্যবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। সড়ক আটকিয়ে রাস্তায় গাড়ি পার্কিংয়ের কারণে যানজট প্রকট আকার ধারণ করেছে। ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রিক্সা ইজিবাইক চলছে। এখনই সঠিক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে শহরে যানজট মাত্রা ছাড়িয়ে যাবে।

যানজটে বিরক্ত ইজিবাইক রিক্সা চালকেরাও। কোর্ট মোড়ে কয়েকজন ইজিবাইক চালক জানান, শহরে যারা রিক্সা ইজিবাইক চালায়, তাদের বেশির ভাগ আসে শহরতলী কিংবা বিভিন্ন উপজেলা থেকে। গ্রামের চেয়ে শহরে কম সময়ে বেশি ভাড়া পাওয়া যায় বলেই শহরে যাতায়াত বেশি। তাছাড়া ইজিবাইক রিক্সা চালানো তো বেশি কষ্টের কাজ না। তাই অনেক মানুষ গ্রামঞ্চলে কৃষি বা অন্য শ্রমিকের কাজ না করে এই পেশায় আসছে।

তৈয়ব মোল্লা নামে এক রিক্সা চালক বলেন, ভিড়ের ভেতরে রিক্সা চালাতে কষ্ট হয়। বেশিক্ষণ জ্যামে আটকা থাকাতে ব্যাটারির চার্জ কমে যায়। প্রত্যেক দিন শহরে জ্যাম। এতে ভাড়াও পাওয়া যাচ্ছে না।

যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক মাফুজুর রহমান বলেন, ব্রিটিশ জেলা শহরের রাস্তাগুলো অনেক সরু। এই সরু সড়কে আবার ফুটপাত দখল করেছে ভাসমান দোকানদার। আবার দিন দিন শহরে মানুষের চাপ বাড়ছে। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রিক্সা ইজিবাইক চলে শহরে। ফলে যানজট প্রকট আকার ধারণ করছে। আমরা অভিযান চালানোর চেষ্টা করছি; কিন্তু পৌরসভা থেকে সহযোগিতা পাচ্ছি না। আমরা অভিযান চালানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি; অভিযান চালালে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ এসব যানের মালিকদের রুটি রুজির কথা বলে। ফলে আমরা উভয় সংকটে রয়েছি। তারপরেও আমরা শহরবাসীকে স্বস্তি দিতে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল হোসেন বলেন, শহরে যানজট আগের থেকে বৃদ্ধি পেয়েছে সত্য। নতুন করে গাড়ির নিবন্ধন দিচ্ছি না। নানা কারণে রিক্সা ইজিবাইক বন্ধে অভিযান চালানো যাচ্ছে না। তবে ফুটপাত উচ্ছেদের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই অবৈধ যানবাহন চলাচলে অভিযানে নামার আশ্বাস দেন তিনি।

বাড়ছে মন্ত্রিসভার আকার ,ঈদের পর আসছে বড় রদবদল
  • ০৭ মে ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতায় গবেষণার মান নষ্ট হয় :  হ…
  • ০৭ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে যবিপ্রবির পাঁচ স্বর্ণ জয়
  • ০৭ মে ২০২৬
এপ্রিলে সড়কে ঝরল ৪০৪ প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দ…
  • ০৭ মে ২০২৬
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • ০৭ মে ২০২৬
আসলেই কী সীমান্ত এলাকায় জামায়াত ও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9