দুপুর ১টায়ও অফিসে নেই সমাজসেবা কর্মকর্তা, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

১৫ মার্চ ২০২৬, ০২:০৬ PM
মতলব উত্তর উপজেলা সমাজসেবা অফিস তালাবদ্ধ। ইনসেটে সমাজসেবা অফিসার আব্দুল আল মামুন

মতলব উত্তর উপজেলা সমাজসেবা অফিস তালাবদ্ধ। ইনসেটে সমাজসেবা অফিসার আব্দুল আল মামুন © টিডিসি

​সরকারি অফিস সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নিয়ম থাকলেও চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এর চরম ব্যত্যয় ঘটছে বলে অভিযোগ উঠেছে। ১৫ মার্চ (রবিবার) দুপুর ১টা বেজে গেলেও  উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আল মামুনকে নিজ কর্মস্থলে দেখা যায়নি তার কার্যালয় তালাবদ্ধ দেখা যায়। 

ফলে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন জরুরি সেবার প্রয়োজনে আসা অসহায় ও দুস্থ মানুষজন দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা না পেয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, অফিসের অন্যান্য কার্যক্রম চললেও সমাজসেবা অফিসারের কক্ষটি তালাবদ্ধ আছে এবং অফিসের অন্য কর্মচারীরা তার অনুপস্থিতির বিষয়ে কোনো সদুত্তর দিতে পারছেন না। দূরদূরান্ত থেকে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলছেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও যদি কর্মকর্তার দেখা না পাওয়া যায়, তবে তাদের এই সরকারি সেবা পাওয়ার আশা করাটা বিড়ম্বনা মাত্র।

উপজেলার আবুরকান্দী গ্রামের সলেমান বলেন, ‘সকালে এসেছি এখন ১২টা বাজে এখনো স্যারে আসেননি।’

পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের গোলাম মোস্তফা (৭৫) বলেন, ‘বেইন্না বালা আইছি এতক্ষণেও অফিসারে না থাহায় বইয়া রইছি। আযানও দিয়া লাইছে এহন যামুগা।’

টরকী গ্রামের হাসান আলী বলেন, ‘বুধবারে এসেছি। বৃহস্পতিবারও এসেছি। আজকে রবিবার আসলাম সমাজসেবা অফিসারের রুমে দরজা তালা লাগানোই থাকে।’

এ বিষয়ে জানতে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আল মামুনের মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় সচেতন মহলের মতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নজরদারি এবং নিয়মিত তদারকির অভাবেই এমন অনিয়ম চলছে। এ বিষয়ে দ্রুত জেলা প্রশাসনের হস্তক্ষেপ এবং দায়িত্বহীন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬