ছয় বছরের শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দিলেন সৎবাবা, উদ্ধার করল পথচারী

১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
সৎবাবা মুরাদ হোসেন ও  শিশু সন্তান তাসিন

সৎবাবা মুরাদ হোসেন ও শিশু সন্তান তাসিন © টিডিসি

ছয় বছরের শিশু সন্তানকে দিনভর মোটর সাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাতে রাস্তার পাশের পুকুরে হত্যার উদ্দেশ্যে ফেলে দিয়ে চলে যান এক সৎবাবা। অটোরিকশার হেড লাইটের আলোতে হাবুডুবু খেতে দেখে ওই পথে চলাচলকারী এক পথচারী শিশুটিকে পুকুর থেকে জীবন্ত উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য  শতশত উৎসুক জনতার ভীড় জমায়। 

ঘটনাটি ঘটেছে শনিবার (০৯ আগস্ট) রাত নয়টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। শিশুটির নাম তাসিন। সে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। 

শিশু তাসিন জানায়, তার বাবার মৃত্যুর পর বড়ভাই বিপ্লব সহ তারা মা ববিতা বেগমের কাছেই থাকত। ৬/৭ মাস আগে লালমনিরহাট সদরের সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সাথে তার মা ববিতা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে শিশু তাসিন ববিতা বেগমের সাথে মুরাদের বাড়ীতে ছিল। শনিবার মুরাদ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাসিনকে নিয়ে বের হন। মোটর সাইকেলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাত নয়টার দিকে  ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় নামক স্থানে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যান মুরাদ। বাজার থেকে বাড়ী ফেরার পথে পুকুরে হাবুডুবু খেতে দেখে শিশু তাসিনকে উদ্ধার করে নিজ বাড়ীতে নিয়ে যান পার্শ্ববর্তী ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম। পরে ফুলবাড়ী থানার পুলিশ রাত দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যায়। 

স্থানীয়রা জানান, সাথে সাথে না দেখলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না। এরকম নিষ্ঠুর কাজ যে করতে পারে তার কঠিন শাস্তি হওয়া উচিত। 

ফুলবাড়ী থানা পুলিশের দায়িত্ব থাকা এস আই আব্দুর রহিম জানান, শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টাকারী সৎবাবা মুরাদ হোসেনকে লালমনির হাট থানা পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধারকারী আজিপুর ইসলামের অভিযোগের ভিত্তিতে সৎবাবা মুরাদকে আসামী করে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  শিশুটির মা ভাই নানীসহ পরিবারের লোকজন থানায় রয়েছেন।

সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী …
  • ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় ঈদ এ মিলাদুন্নবী (সা.) পালিত
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬৯ কিলোমিটারের জশন…
  • ২৬ আগস্ট ২০২৬
ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন বাইজীদ …
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রেপ্তারের পর কারাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা
  • ২৬ আগস্ট ২০২৬
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির…
  • ২৬ আগস্ট ২০২৬