বাংলা একাডেমি লোগো। © টিডিসি সম্পাদিত
অমর একুশে বইমেলা ২০২৭-এ অংশ নিতে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে স্টল বরাদ্দের আবেদন আহ্বান করেছে বাংলা একাডেমি। আগামী ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে পুরোনো প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর আবেদন নেওয়া হবে। একই সময়ে নতুন প্রকাশনা প্রতিষ্ঠান ও আগের চেয়ে বড় স্টল বা প্যাভিলিয়ন পেতে আগ্রহীদের সরাসরি আবেদন জমা দিতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরোনো অর্থাৎ ২০২৫ ও ২০২৬ সালের বইমেলায় অংশ নেওয়া যেসব প্রকাশনা প্রতিষ্ঠান আগের আকারের এক, দুই, তিন ও চার ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন পেতে আগ্রহী, তারা www.ba21bookfair.com ওয়েবসাইটে আবেদন করতে পারবে।
আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ চুক্তিপত্রের প্রথম ও শেষ পাতা, লেখককে দেওয়া সম্মানির সাম্প্রতিক প্রমাণক, আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে বই জমা দেওয়ার রসিদ বা প্রত্যয়নপত্র এবং অগ্নি ও সাইক্লোন বিমার প্রমাণক আপলোড করতে হবে।
অন্যদিকে, নতুন প্রকাশনা প্রতিষ্ঠান এবং আগের চেয়ে বড় স্টল বা প্যাভিলিয়ন পেতে আগ্রহীদের বাংলা একাডেমি থেকে তথ্যফরম বা আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও অক্টোবর ২০২৬-এর মধ্যে প্রকাশিত অন্তত ৩০টি মানসম্মত বই জমা দিতে হবে।
২২ থেকে ৩০ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের নিচতলায় অভ্যর্থনা কক্ষে আবেদন জমা নেওয়া হবে। ছুটির দিনেও আবেদন জমা দেওয়া যাবে। বইয়ের মান ও অন্যান্য কাগজপত্র যাচাই করে স্টল বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেবে বইমেলা পরিচালনা কমিটি। অনলাইনে আবেদন করতে অপারগ প্রতিষ্ঠানও সরাসরি আবেদন জমা দিতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদন যাচাই-বাছাই শেষে মনোনীত প্রকাশনা প্রতিষ্ঠানের তালিকা আগামী ১০ ডিসেম্বর অনলাইনে প্রকাশ করা হবে। বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ১৩ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে স্টল ভাড়া ব্যাংকে জমা দিয়ে রসিদ আপলোড করতে হবে। পাশাপাশি রসিদের এক কপি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বাংলা একাডেমির অভ্যর্থনা কক্ষে জমা দিতে হবে।
স্টল ভাড়া অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো অনলাইন শাখার মাধ্যমে বাংলা একাডেমি শাখার 'বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১'-এ জমা দিতে হবে। টাকা জমার রসিদে প্রকাশনা প্রতিষ্ঠানের নাম ও অনলাইন নিবন্ধন নম্বর উল্লেখ থাকতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে স্টল ভাড়া জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম লটারির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে অমর একুশে বইমেলা ২০২৭-এর নীতিমালা ও নিয়মাবলি মেনে চলতে হবে। এসব নীতিমালা বাংলা একাডেমির নির্ধারিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা ২০২৭ পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।