পুলিশ দেখে দৌড়, খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু

০৫ আগস্ট ২০২৬, ০৩:১৭ PM
সাব্বির শেখ

সাব্বির শেখ © সংগৃহীত

নেত্রকোনায় টহলরত গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেখে দৌড়ে পালানোর সময় হরিখালি খালে পড়ে সাব্বির শেখ (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সদর উপজেলার হরিখালি খাল এলাকায় এ ঘটনা ঘটে।

সাব্বির শেখ নেত্রকোনা শহরের মেছুয়াবাজার এলাকার ব্যবসায়ী নাদিম শেখের ছেলে। তিনি আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশের নয় সদস্যের একটি দল মাদকবিরোধী অভিযানে মোটরসাইকেলে করে যাচ্ছিল। দলের নেতৃত্বে ছিলেন ডিবির (পশ্চিম) উপপরিদর্শক (এসআই) রাজন মিয়া। পথে নেত্রকোনা-আমতলা সড়কের হরিখালি খালের কাছে পৌঁছালে সাব্বিরসহ কয়েকজন যুবক দূর থেকে পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তারা পাশের হরিখালি খালে লাফিয়ে পড়েন। অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির পানিতে ডুবে যান।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সড়কের পাশে নিয়ে আসেন। পরে ডিবি পুলিশের সদস্যরা তাকে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল আমিন বলেন, বিকেল সাড়ে চারটার দিকে সাব্বিরকে হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরের কাপড়চোপড় ভেজা ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের বোন পূর্ণিমা আক্তার জানান, সাব্বির নিয়মিত মেছুয়াবাজারে বাবার দোকানে বসতেন। মঙ্গলবার বেলা তিনটার দিকে তিনি দোকান বন্ধ করে এক বন্ধুর সঙ্গে বের হন। পরে তারা জানতে পারেন, ডিবি পুলিশকে দেখে দৌড়ে পালানোর সময় সাব্বির পানিতে পড়ে মারা গেছেন। সাব্বির সাঁতার জানতেন না।

ভাইয়ের মৃত্যু রহস্যজনক দাবি করে পূর্ণিমা আক্তার বলেন, ‘সাব্বির কোনো মামলার আসামি ছিল না এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ছিল না। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে জেলা পুলিশের গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম আজ বুধবার বলেন, যুবকেরা পুলিশকে দেখে কেন দৌড়ে পালিয়েছিল, তারা কোনো মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিল কি না এবং কীভাবে সাব্বির পানিতে পড়ে মারা গেলেন—সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬