অধ্যাপক ড. মো. ফজলুল করিম © টিডিসি সম্পাদিত
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম জাতীয় গুণী শিক্ষক সম্মাননায় ভূষিত হচ্ছেন। ৫ অক্টোবর শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে গুণী শিক্ষকের সম্মাননা প্রদান করা হবে।
অধ্যাপক ড. মো. ফজলুল করিম বর্তমানে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শেকৃবিতে ৩১ বছর শিক্ষকতা করেছেন। শিক্ষকতায় আসার পূর্বে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ৬ বছর মাঠ ফসলের কৃষিতাত্ত্বিক গবেষণায় সম্পৃক্ত ছিলেন।
১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরিজীবন শুরু করেন অধ্যাপক ফজলুল করিম। পরে উচ্চশিক্ষার জন্য ১৯৮৮ সালে ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে এম এসসি ডিগ্রি অর্জন শেষে দেশে ফিরে ১৯৯০ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট) সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে ২০০৬ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে (উদ্ভিদ শারীরিকতত্ত্ব) পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আরও দেখুন: ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা শেষে ২০২১ সালে শেকৃবি থেকে অবসর গ্রহণ করেন তিনি। অবসরের পরও শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন অধ্যাপক ফজলুল করিম। ২০২৩ সালের জুলাই থেকে তিনি গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
শিক্ষকতা, গবেষণা ও কৃষিশিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ৫ অক্টোবর শিক্ষক দিবসে তিনি জাতীয় গুণী শিক্ষক সম্মাননা গ্রহণ করবেন।