পাচার হওয়া সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করা হবে: গভর্নর

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ PM
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। © টিডিসি ফটো

পাচার হওয়া অর্থ ও সম্পদ শনাক্ত করে দ্রুত ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। পাচারকারীরা যাতে বিদেশে থাকা সম্পদ ভোগ করতে না পারেন, সে লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, পাচার হওয়া সম্পদ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ১১টি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। এসব দলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা রয়েছেন। আগে এসব সংস্থার কর্মকর্তারা খণ্ডকালীনভাবে কাজ করলেও এখন বিশেষায়িত তদন্তের জন্য তাঁদের স্থায়ীভাবে বাংলাদেশ ব্যাংকে কাজ করার ব্যবস্থা করা হয়েছে। সিআইডির ১১টি দল, এনবিআরের কর ও কাস্টমস বিভাগের ২২ জন কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের একটি বড় দল যৌথভাবে পাচার হওয়া সম্পদ শনাক্ত ও উদ্ধারে কাজ করছে।

মোস্তাকুর রহমান বলেন, কোনো দেশে সম্পদ ফ্রিজ করার পর তা দেশে ফেরত আনতে সাত থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে যায়। বিশ্বব্যাপী পাচার হওয়া সম্পদ উদ্ধারের হারও ২ শতাংশের কম বলে ধারণা করা হয়। এ অবস্থায় পাচারকারীরা যাতে বিদেশে থাকা অর্থ-সম্পদ ভোগ করতে না পারেন, সে কৌশল নেওয়া হয়েছে। কোনো দেশে পাচার হওয়া সম্পদের সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট দেশের সঙ্গে থাকা বিভিন্ন চুক্তি ও বহুপক্ষীয় চুক্তির আওতায় দ্রুত তা ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাচার হওয়া সম্পদ উদ্ধারে কাজ করে এমন ১০টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রক্রিয়াও চলছে।

গভর্নর বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই ঝুঁকিপূর্ণ ও নেতিবাচক অবস্থায় ছিল। অর্থনৈতিক পুনরুদ্ধার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে একাধিক বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থ লোপাট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যাংকগুলোর নিষ্ক্রিয় আমানত ব্যবহার করে ৪ শতাংশ সুদে তহবিল দেওয়া হচ্ছে। এসব তহবিল এসএমই ও কৃষি খাতে ৭ থেকে ৮ শতাংশ সুদে বিতরণ করা হবে। খেলাপি ঋণ ও অর্থপাচার রোধে ছয় মাসের মধ্যে বিচার নিষ্পত্তির সুযোগ রেখে ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট’ ও ‘মানি লোন কোর্ট অ্যাক্ট’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে সভায় তরুণ উদ্যোক্তা তৈরি ও বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাদের অংশগ্রহণে মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ময়মনসিংহ অঞ্চলের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, প্রাথমিকভাবে আটটি বিভাগের ৬৪টি উপজেলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি পরিচালনা করা হবে। প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা প্রাথমিকভাবে চিহ্নিত করা হবে। ধারাবাহিকভাবে পাঁচ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তার চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর ৫০ শতাংশ ব্যাংক ঋণ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে থাকবে। ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশ।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষের সারা জীবনের কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা থাকে, অথচ ঋণখেলাপিরা সেই অর্থ আত্মসাৎ করেন। এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ঋণখেলাপি হওয়ার সাহস না পান।

সভাপতির বক্তব্যে মো. আরিফুজ্জামান বলেন, ময়মনসিংহের উদ্যোক্তাদের ব্যাংক খাত থেকে যথাযথ সহযোগিতা নিশ্চিত করা এবং প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আগামী এক থেকে দুই মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখানোই এ আয়োজনের সার্থকতা। এ অঞ্চলের উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত মাত্রায় ঋণ সরবরাহের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বকাপ জয়ের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিএনপির ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি স…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে উপসচিব
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী-ছাত্রলীগের ১১ নেতাকর্মী…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬