শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
শিক্ষা ছুটি নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দেওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছয় শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন মো. মেফতাউল ইসলাম সৈকত (কৃষি রসায়ন বিভাগ), মারজানা ইয়াসমিন (কৃষিতত্ত্ব বিভাগ), সাইফুল্লাহ শাহরিয়ার (মৃত্তিকা বিজ্ঞান অনুষদ), মো. জাভেদ আজাদ (কৃষি সম্প্রসারণ বিভাগ), মোছা. মাহমুদা পারভীন (ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ) এবং কে বি এম সাইফুল ইসলাম (মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগ)।
আরও পড়ুন: নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও এসব শিক্ষক নিজ নিজ বিভাগে যোগদান করেননি। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের একাধিকবার নোটিশ পাঠিয়ে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হলেও তারা কোনো সন্তোষজনক জবাব দেননি।
পরবর্তী সময়ে একাডেমিক শৃঙ্খলা রক্ষার্থে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেটে উত্থাপন করা হলে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ ছাড়া একই অভিযোগে ডেপুটি রেজিস্ট্রার হিমাংশু মন্ডলকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। তবে তাকে দ্বিত্বীয় ধাপে চিঠি দিয়ে আবার সতর্ক করা হবে বলে জানা গেছে।