শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও অটো ক্রপ কেয়ারের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত © টিডিসি ফটো
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের বার্ষিক ৯০ হাজার টাকা বৃত্তিসহ বিভিন্ন সুবিধা দিতে ‘কাজী এ এফ এম জয়নুল আবেদীন ফেলোশিপ’ চালু করছে অটো ক্রপ কেয়ার। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার কৃষিবিদ মো. নজরুল ইসলাম এবং অটো ক্রপ কেয়ারের পক্ষে নির্বাহী পরিচালক কাজী এহসানুল আবেদীন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পাবেন। পাশাপাশি তাদের ভর্তিকালীন ফি এবং বিশ্ববিদ্যালয় আয়োজিত দেশের অভ্যন্তরে শিক্ষা সফরের খরচও বহন করা হবে।
এ ছাড়া ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ১ লাখ টাকার জীবন বীমা, ৫ লাখ টাকার সাধারণ জীবন বীমা এবং দুর্ঘটনাজনিত কারণে ১০ লাখ টাকার জীবন বীমার সুবিধা দেওয়া হবে।
অটো ক্রপ কেয়ারের প্রতিষ্ঠাতা কাজী এ এফ এম জয়নুল আবেদীন ১৯৫৩ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান কৃষি ইনস্টিটিউটের (বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থী ছিলেন। তাঁর সম্মানার্থে এই ফেলোশিপ চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও ট্রেজারার প্রফেসর আবুল বাশার।
অটো ক্রপ কেয়ারের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী এহসানুল আবেদীন, পরিচালক কাজী আরহাম আবেদিন ও কাজী আতেক আবেদিনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, ‘আমি বিশ্বাস করি, এই ফেলোশিপের উদ্যোগ আমাদের বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স করার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’
উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, ‘দেশের কৃষিতে অটো ক্রপ কেয়ার অনবদ্য কাজ করে যাচ্ছে। কৃষি শিক্ষায় তাদের এই অংশগ্রহণকে আমি স্বাগত জানাই। এছাড়া আমাদের শিক্ষার্থীদের জন্য এই ফেলোশিপ অনেক সম্মানজনক হবে বলে আমি বিশ্বাস করি।’