ঢাবির বিজ্ঞান ইউনিটে ৪৬ আসন শূন্য, ভর্তি আবেদনের সুযোগ শেষ কাল

২৯ মার্চ ২০২৬, ০২:১১ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০২:১২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞান ইউনিটের তিনটি বিভাগে ৪৬টি আসন শূন্য রয়েছে। এসব আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ভর্তির যোগ্যতা থাকা শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। আগ্রহীরা আগামীকাল সোমবারের (৩০ মার্চ) মধ্যে আবেদন করতে পারবেন।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, বিজ্ঞান ইউনিটভুক্ত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রোবটিক্স ও মেকাট্রনিক্স বিষয়গুলোতে এখনো কিছু আসন শূন্য রয়েছে। এসব বিষয়ে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থী (অর্থাৎ যাদের বিষয় পছন্দক্রমে এ বিষয়গুলো রয়েছে) যারা সাক্ষাৎকারে উপস্থিত হতে পারেননি, তাদের এসব শূণ্য আসনে ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে।

জীববিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিট ভর্তির সমন্বয়কারী অধ্যাপক ড. মো. এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটভুক্ত ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামসমূহে আসন শূণ্য রয়েছে।

উক্ত প্রোগ্রামসমূহে ভর্তিযোগ্য শিক্ষার্থী, যারা সাক্ষাৎকারের নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে মূল গ্রেডশিট জমা দিতে পারেননি বা দেননি, তারা উক্ত প্রোগ্রামসমূহে ভর্তি হতে আগ্রহী হলে আগামী ৩০ মার্চের মধ্যে অফিস চলাকালীন বিজ্ঞান ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ অফিস, কার্জন হল এলাকা) লিখিত আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: এপ্রিল থেকেই শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে ১৭, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ১৬ এবং রোবটিক্স ও মেকাট্রনিক্সে ১৩টি আসন শূন্য রয়েছে। এসব বিষয়ে ভর্তি হতে ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে যথাক্রমে ১৫ ও ১৫, ১৩ ও ১৩ এবং ১৩ ও ১৪ নম্বর পেতে হবে।

লিখিত আবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী তাদের বিষয় বরাদ্দ ৩১ মার্চ প্রকাশ করা হবে। বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ৫ এপ্রিলের মধ্যে মূল গ্রেডশিট জমা দিতে হবে। বিস্তারিত দেখুন ওয়েবসাইটে।

মেঘনায় ধরা পড়া পৌনে ৩ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার ৮০০ টাকায় …
  • ৩১ আগস্ট ২০২৬
শুধু খাওয়াদাওয়া নয়, ওজন কমাতে জোর দিবেন যে ৩ বিষয়ে
  • ৩১ আগস্ট ২০২৬
মেহেরপুরে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ব্যবসায়ীদের ধর্মঘট
  • ৩১ আগস্ট ২০২৬
ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ
  • ৩১ আগস্ট ২০২৬
১৪ মানদণ্ডে ‘সেরা শিক্ষক’ নির্বাচন করবে মন্ত্রণালয়, থাকছে প…
  • ৩১ আগস্ট ২০২৬
বসে গল্প করছিলেন ইউপি চেয়ারম্যান, হঠাৎ মুখোশধারীদের হামলা
  • ৩১ আগস্ট ২০২৬