তিন শর্তে গুচ্ছে থাকছে বের হতে যাওয়া ৪ ‍বিশ্ববিদ্যালয়

০৩ জানুয়ারি ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
চার বিশ্ববিদ্যালয়ের লোগো

চার বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে গেছে তিনটি বিশ্ববিদ্যালয়। এছাড়া আরও চারটি বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়া থেকে বের হয়ে যেতে চেয়েছিল। তবে তিনটি শর্তে ওই চারটি বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় ফিরে আসার বিষয়ে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত জানিয়েছে।

গত ১ জানুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে এই তিনটি শর্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। শর্তগুলো পূরণ না হলে আগামী অর্থাৎ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে থাকবে না বলেও মতামত জানিয়েছেন উপাচার্যরা।

জানা গেছে, জগন্নাথ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকছে না। এই তিনটি বিশ্ববিদ্যালয় ব্যতীত কুমিল্লা, কুষ্টিয়ার ইসলামী, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শিক্ষা উপদেষ্টার অনুরোধ এবং মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে এই বিশ্ববিদ্যালয়গুলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়াতেও অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এজন্য তিনটি শর্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাওয়া একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের প্রথম এবং প্রধান কথা হচ্ছে দ্রুত ভর্তি পরীক্ষা শেষ করতে হবে। পরীক্ষা দেরিতে হওয়ায় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালগুলোর শিক্ষা কার্যক্রম দেরিতে শুরু হচ্ছে। এছাড়া একাধিক মাইগ্রেশন বন্ধ করা এবং মাইগ্রেশনের সময় বার বার বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি নেওয়া বন্ধ করতে হবে। এই তিনটি বিষয়ের সমাধান না হলে গুচ্ছের যে উদ্দেশ্য সেটি ফলপ্রসূ হবে না।’

এই উপাচার্য আরও বলেন, ‘আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতে হলে মাইগ্রেশনের সময় বার বার ভর্তি ফি নেওয়া যাবে না। এটি একবারই নিতে হবে। কেন্দ্রীয়ভাবে ফি নেওয়ার পর ভর্তি কার্যক্রম শেষে অর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোষাগারে জমা দিতে হবে। এছাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। এটি না হলে সেশনজট তৈরি হতে পারে। এই শর্তগুলো পূরণ হলে আগামী শিক্ষাবর্ষের গুচ্ছেও বিশ্ববিদ্যালয়গুলো অংশগ্রহণ করবে।’

গুচ্ছে থাকার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষা উপদেষ্টার অনুরোধের কারণে আমরা (কুবি) এবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো। তবে একাধিকবার মাইগ্রেশন বন্ধ, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে ফি দেওয়া বন্ধ করতে হবে। এটি না হলে আগামীতে যত অনুরোধই করা হোক না কেন আমরা আর গুচ্ছে থাকবো না।’

পরীক্ষা হতে পারে এপ্রিলে

দেশের ২১টি বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে পারে। আগামী সপ্তাহে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সভা করে পরীক্ষার তারিখ চূড়ান্ত করবেন বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ১ জানুয়ারির সভায় অংশ নেওয়া একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন্ন রোজার ঈদের পরপরই অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে উপাচার্যরা মতামত দিয়েছেন। শিগগিরই আরও একটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।’

আরও পড়ুন: ২১ বিশ্ববিদ্যালয় নিয়ে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা

সার্বিক বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২১ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব অল্প সময়ের ব্যবধানে সভা করে ভর্তি পরীক্ষার তারিখ, পরীক্ষা পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো ২০টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নানা অজুহাত দেখিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কঠোর পদক্ষেপের কারণে বেরিয়ে যেতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ইতোমধ্যে ৩টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতি থেকে বেরিয়ে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চাইলেও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপের কারণে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। ফলে এবার ২১টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশোধিত হচ্ছে এমপিও নীতিমালা, আসছে পাঁচ পরিবর্তন
  • ০৪ নভেম্বর ২০২৬
এসিল্যান্ড হলেন প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা
  • ০৪ নভেম্বর ২০২৬
পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে নতুন মনিটরিং নীতিমালা
  • ০৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন অধ্যাপক রুবীনা ইয়াসমীন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950