সাত কলেজের ভর্তি আবেদন শুরু হচ্ছে না কাল

৩০ জুন ২০২১, ০২:০৫ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

কঠোর লকডাউনের কারণে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইন ভর্তি আবেদন কার্যক্রম।

আজ বুধবার (৩০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

তিনি বলেন, কঠোর লকডাউনের কারণে আগামীকাল থেকে শুরু হওয়া সাত কলেজের ভর্তি আবেদন পেছানো হয়েছে৷ সেটি ১০ জুলাই থেকে শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান তিনি।

আবেদনের নূন্যতম যোগ্যতা: ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সনের উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন ইউনিটের নির্ধারিত শর্ত পূরণ করতে পারবে কেবল তারাই আবেদন করতে পারবে।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ন্যূনতম ৭ দশমিক ০, বাণিজ্য ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬ দশমিক ৫, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ (চতুর্থ বিষয়সহ) যোগ করে যোগফল ন্যূনতম ৬।

ভর্তি পরীক্ষার নম্বর ও পাশ নম্বর: ২০২০-২১ শিক্ষাবর্ষে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাশ নম্বর ৪০% অর্থাৎ ৪৮।

ভর্তি পরীক্ষার ফি ও ফি জমাদান প্রক্রিয়া: ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৪৫০ টাকা। ফি জমা দেওয়া যাবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে।

এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার জানিয়েছেন, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এটি নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর। এছাড়াও ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশনা সাত কলেজের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (http://7college.du.ac.bd/admission.php) শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ- এই সাত শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত করা হয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আছেন প্রায় আড়াই লক্ষাধিক শিক্ষার্থী।

ঢাকা কলেজে মাথায় খসে পড়ল পলেস্তারা, গুরুতর আহত শিক্ষার্থী
  • ০৫ এপ্রিল ২০২৬
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনে ক্ষোভ উদীচীর, পুনর্বহালের…
  • ০৫ এপ্রিল ২০২৬
অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬