মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। © ফাইল ফটো
২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আজ (রোববার) দুপুরে ফলাফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন।
এবছর জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৬৮জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। অপেক্ষমান তালিকায় রয়েছেন ৫০০ শিক্ষার্থী। এদের মধ্যে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ ও সর্বনিম্ন ৫৭।
উল্লেখ্য, ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে নেয়া পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০ নম্বর পেয়ে সরকারি ও বেসরকারি উভয় মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ৯৬৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ জানান, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল স্বল্পতম সময়ে পৌঁছে যাবে। এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।