এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে একজনও পাস করেনি, শতভাগ পাস কমেছে ২০৬

৩১ অক্টোবর ২০২৬, ১১:২৭ AM
সচিবালয়ে এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান

সচিবালয়ে এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান © টিডিসি ফটো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৫২.১২ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন।  আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফল ঘোষণা করেন। এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি।

২০২৫ সালে শূন্য পাস প্রতিষ্ঠান সংখ্যা ছিল ২০২টি। সে হিসেবে শূন্য পাস প্রতিষ্ঠান ৯১টি বেড়েছে। আর শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠানে। ২০২৫ সালে ছিল ৩৪৫টি। শতভাগ পাস প্রতিষ্ঠান কমেছে ২০৬টি। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছরের তুলনায় এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

চলতি বছরের এইচএসসিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। আজ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উদ্বোধনের পরপরই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। তিন উপায়ে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থী।

যদিও কারিগরি কারণে অনেকের ফল পেতে কিছুটা বিলম্ব হতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবর সকাল ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং SMS-এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল জানতে পারবেন।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকা শেষে ফলাফল আপলোডসহ অন্যান্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগতে পারে। ফলে শিক্ষার্থীরা কিছুটা বিলম্বে ফল জানতে পারবেন বলে অতীতের কয়েকটি পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও খবর: এইচএসসি-আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হয়েছে ।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

এছাড়াও, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ এসএমএস প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে HSC < Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < Space> রোল নম্বর < Space> পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬