রানি মুখার্জী, বিজয় সেতুপতি ও শাহিদ কাপুর © টিডিসি সম্পাদিত
সপ্তাহান্তের বিনোদনে এবার ওটিটি প্ল্যাটফর্মে হাজির হয়েছে তারকাখচিত একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ। অ্যাকশন, থ্রিলার, প্রেম আর পারিবারিক আবেগ—সব মিলিয়ে দর্শকদের জন্য জমজমাট আয়োজন।
১) ‘মর্দানি ৩’: এখন বলিউডে নাকি উগ্র পৌরুষ প্রদর্শনের হাওয়া। নিন্দকেরা তেমনই বলেন। তবে তার মধ্যেও প্রশংসা কুড়িয়েছে রানি মুখোপাধ্যায়ের ছবি। পুলিশ আধিকারিক শিবানী শিবাজী রায়ের চরিত্রে অভিনয় করেন তিনি। ছবির প্রথম দুটি ভাগেও ছিল শিউরে ওঠার মতো ঘটনা। তৃতীয় ভাগে রয়েছে পাচারকারীদের হাত থেকে ৯৩ জন মেয়েকে উদ্ধারের গল্প। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই ছবি।
২) ‘প্রজাপতি ২’: বাংলা ছবির দর্শকের জন্য সপ্তাহান্তে রয়েছে ‘প্রজাপতি ২’। হিংসা, রক্তারক্তি এড়িয়ে পরিবারের সঙ্গে ছুটির দিনের দুপুরে দেখতে পারেন দেব ও মিঠুন চক্রবর্তীর এই ছবি। ‘প্রজাপতি’ ছবিটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছিল। তারই সিক্যুয়েল এটি। বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের এই গল্পও প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছিল। এ বার জ়ি ফাইভে দেখা যাচ্ছে এই ছবি।
৩) ‘ও রোমিও’: বিশাল ভরদ্বাজের পরিচালনায় ফের পর্দায় শাহিদ কপূর। ছবি নিয়ে প্রথম থেকেই দর্শকের আগ্রহ তুঙ্গে ছিল। প্রেম দিবসে মুক্তি পেয়েছিল ছবিটি। মিশ্র প্রতিক্রিয়া পায় শাহিদের ছবি। তবে আরও একবার অভিনয়ে তিনি দর্শককে মুগ্ধ করেন। এই ছবিটি আপাতত অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় ‘রেন্ট’ করে দেখা যাচ্ছে। অর্থাৎ সাবস্ক্রিপশন থাকলেও আলাদা টাকা দিয়ে ছবিটি দেখতে হবে। শোনা যাচ্ছে, এপ্রিলের মাঝামাঝি এটি বিনামূল্যে দেখা যাবে।
৪) ‘সামথিং ভেরি ব্যাড ইজ় গোয়িং টু হ্যাপন’: এক যুগল স্বপ্নের মতো করে বিয়ে করার পরিকল্পনা করে। বিয়ের জন্য তারা পৌঁছে যায় এক প্রত্যন্ত এলাকায়। কিন্তু স্বপ্নের মতো বিয়ে বদলে যায় দুঃস্বপ্নে। এই ওয়েব সিরিজ়ের ঝলক সাড়া ফেলেছিল। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই সিরিজ়।
৫) ‘কাত্তান’: থ্রিলারপ্রেমীরা এই তামিল ওয়েব সিরিজ় দেখতে পারেন সপ্তাহান্তে। মাদুরাইয়ের কাছে এক প্রত্যন্ত গ্রামে হঠাৎ পাওয়া যায় এক কাটা মাথা। খুনের তদন্ত করতে গিয়ে উঠে আসে নানা কাহিনি। সিরিজ়ে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, মিলিন্দ সোমান, সুদেব নায়ার। জি ফাইভে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজ।