হয়ত আর জীবিত ফিরতে পারব না — ইমরান খানের খোলা চিঠি

১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ PM
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান © সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জরুরি ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। দ্রুত চিকিৎসা না পেলে তিনি আর জীবিত ফিরতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে নিজের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছেন তিনি।

ইমরান খানের আইনজীবী সালমান সাফদারের প্রকাশ করা এক চিঠিতে এসব কথা উঠে এসেছে। চিঠিতে ইমরান খান লিখেছেন, ৭৪ বছর বয়সে এভাবে চলতে থাকলে তিনি এমন এক পরিস্থিতিতে পৌঁছাবেন, যেখান থেকে হয়তো আর জীবিত ফিরে আসা সম্ভব হবে না।

ইমরান খানের দাবি, চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তার অনেক বেশি। তার হৃদ্‌যন্ত্র ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও চিকিৎসকেরা জানিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

তবে পাকিস্তানের কর্তৃপক্ষের দাবি, কারাগারে নিয়মিত চিকিৎসকদের মাধ্যমে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাদের মূল্যায়ন অনুযায়ী, তার শারীরিক অবস্থা সন্তোষজনক।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে করা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি। তার স্ত্রী বুশরা বিবিও গত বছর কারাবন্দী হন।

গত এক বছর ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। তার পরিবারের অভিযোগ, কারা কর্তৃপক্ষের অবহেলায় ডান চোখের দৃষ্টিশক্তির বেশির ভাগই হারিয়েছেন তিনি।

চিঠিতে স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান। তার দাবি, গত এপ্রিলে বুশরা বিবির রেটিনা বিচ্ছিন্ন হয়ে যায় এবং গোপনে অস্ত্রোপচার করা হয়। আরও অস্ত্রোপচার না হলে তিনি দৃষ্টিশক্তি হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান।

কারাগারে নিজের বন্দিজীবনের পরিস্থিতি নিয়েও অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তার দাবি, তাকে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত একাকী কারাকক্ষে রাখা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি বই ও টেলিভিশন ব্যবহারের সুযোগও নেই। গত এক বছরে আইনজীবীদের সঙ্গে মাত্র চারবার দেখা করতে পেরেছেন বলেও দাবি করেন তিনি। এসব কারণে তার মানসিক স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে বলে চিঠিতে উল্লেখ করেন ইমরান খান।

চিঠিতে তিনি লেখেন, ‘বেঁচে থাকলেই কেবল আমি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।’

তবে ইমরান খানের এসব অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, কারাগারে ইমরান খানকে নিজের পছন্দের খাবারসহ সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তার ভাষায়, ‘বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া বন্দী তিনি।’

পাকিস্তানের কর্তৃপক্ষের ভাষ্য, এক সপ্তাহ আগে চোখে ইনজেকশন দেওয়ার জন্য ইমরান খানকে সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। তখন চিকিৎসকেরা তাকে শারীরিকভাবে স্থিতিশীল বলে জানান।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তার গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা লাহোরে সেনাবাহিনীর কোর কমান্ডারের বাসভবনে হামলা চালিয়ে আসবাব, চিত্রকর্মসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও লুট করেন।

কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের প্রভাব রয়েছে। গত অক্টোবরের শুরুতে তার মুক্তির দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করেন সমর্থকেরা। পরে বিক্ষোভ দমনে অভিযান চালায় কর্তৃপক্ষ। ইমরানের দল পিটিআইয়ের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়।
এদিকে, সাবেক আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়কেরাও সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন, যাতে ইমরান খান যথাযথ চিকিৎসা পান।

ভিনির হ্যাটট্রিকে দাপুটে প্রথমার্ধ ব্রাজিলের
  • ১৭ নভেম্বর ২০২৬
‘এক কিলোমিটারও হয় না চাঁদা বসায়া না’— সংসদে বিএনপি এমপির ক্…
  • ১৭ নভেম্বর ২০২৬
যে কারণে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী
  • ১৭ নভেম্বর ২০২৬
অনিবন্ধিত কোনো অনলাইন নিউজ পোর্টাল কাজ করতে পারবে না: তথ্য …
  • ১৭ নভেম্বর ২০২৬
জলবায়ু সহনশীল কৃষি ও টেকসই উন্নয়নে গাকৃবিতে ইফাদের আন্তর্জা…
  • ১৭ নভেম্বর ২০২৬
হয়ত আর জীবিত ফিরতে পারব না — ইমরান খানের খোলা চিঠি
  • ১৭ নভেম্বর ২০২৬