মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক

১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ AM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ AM
নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস

নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস © সংগৃহীত

নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহাবশেষ মৃত্যুর প্রায় অর্ধশতাব্দী পর নিজ দেশ গুয়াতেমালায় ফিরছে। বৃহস্পতিবার তার দেহাবশেষ গুয়াতেমালায় পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্য দিয়ে লেখকের নিজের দেশে ফিরে আসার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। একই সঙ্গে তার জীবনের সাফল্য ও নির্বাসনের দীর্ঘ অধ্যায়েরও অবসান ঘটছে।

আস্তুরিয়াসের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে গুয়াতেমালার বিভিন্ন সরকার বছরের পর বছর ধরে অনুরোধ জানিয়ে আসছিল। তবে তার বংশধরেরা শেষ পর্যন্ত সম্মতি দেন ২০২৪ সালে প্রগতিশীল প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো ক্ষমতায় আসার পর।

আস্তুরিয়াসের নাতি সানদিনো আস্তুরিয়াস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সবাই মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াসকে একটি পদকের মতো দেশে ফিরিয়ে আনতে চেয়েছে। আমরা সব সময়ই তাকে কারও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছি।’

তিনি বলেন, আরেভালোর সংস্কারপন্থি সরকারের রাজনৈতিক অবস্থানের সঙ্গে আস্তুরিয়াসের নিজস্ব বিশ্বাসের মিল থাকায় এখনই দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার উপযুক্ত সময় বলে মনে হয়েছে।

সানদিনো আস্তুরিয়াস বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবারই সেই সময়। দেশের জন্য এবং সমাজের জন্য গুয়াতেমালার সাহিত্যের অন্যতম মহান ব্যক্তিত্বকে তার জন্মভূমিতে ফিরিয়ে আনা ঐতিহাসিক ন্যায়বিচারের একটি অংশ।’

আরেভালোর নির্বাচনে জয় গুয়াতেমালার রাজনীতিতে অপ্রত্যাশিত ঘটনা হিসেবে দেখা হয়েছিল। তার বিজয়ের মধ্য দিয়ে দেশটির দীর্ঘদিনের রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর আধিপত্যের বিপরীতে প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের নতুন যাত্রা শুরু হয়। এই আন্দোলনের লক্ষ্য দেশটির রাজনৈতিক কাঠামোয় পরিবর্তন আনা।

১৮৯৯ সালে গুয়াতেমালা সিটিতে জন্মগ্রহণ করেন মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস। তিনি মধ্য আমেরিকার একমাত্র সাহিত্যিক, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। ১৯৬৭ সালে সামগ্রিক সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

তিনি মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে বামপন্থি সরকারপ্রধান জাকোবো আরবেনজের প্রতি সমর্থন জানানোর কারণে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। ১৯৫৪ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত এক অভ্যুত্থানে আরবেনজ সরকারের পতন ঘটে।

আস্তুরিয়াসের সাহিত্যকর্মে মায়া সভ্যতার ঐতিহ্যের সমৃদ্ধি, অভিনব সাহিত্যিক কৌশল এবং স্বৈরশাসন, বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের গভীর সমালোচনা উঠে এসেছে। এসব বৈশিষ্ট্যের কারণে তিনি বিংশ শতাব্দীর লাতিন আমেরিকান সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে ওঠেন।

জীবনের শেষ কয়েক বছর তিনি স্পেনের মাদ্রিদে কাটান। ১৯৭৪ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে সেখানেই মারা যান তিনি। পরে তাকে ফ্রান্সের প্যারিসের পেরে লাশেজ সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়। সেখানে সংগীতশিল্পী জিম মরিসন, লেখক অস্কার ওয়াইল্ড এবং সুরকার ফ্রেদেরিক শপাঁর সমাধিও রয়েছে।

চলতি মাসের শুরুর দিকে তার দেহাবশেষ উত্তোলন ও দাহ করার পর ফরাসি কর্তৃপক্ষ ছাই পরিবারের কাছে হস্তান্তর করে। এ উপলক্ষ্যে গুয়াতেমালার সংস্কৃতি মন্ত্রণালয় আস্তুরিয়াসের স্মরণে চার দিনব্যাপী বিভিন্ন আয়োজন করেছে। আগামী রবিবার রাজধানী গুয়াতেমালা সিটির মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস সাংস্কৃতিক কেন্দ্রের একটি স্মৃতিস্তম্ভে তার দেহাবশেষের ছাই রাখা হবে।

কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
মোহাম্মদপুরে অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোনসহ টাকা ছি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘থর’ খ্যাত অভিনেতা হেমসওয়ার্থের বাড়িতে ডাকাতি
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে: আইআরজিসি
  • ১৩ নভেম্বর ২০২৬
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
  • ১৩ নভেম্বর ২০২৬
গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950