‘মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান’, ফ্লোরিডায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯

০২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ AM
ফ্লোরিডার পাম বিচ শহর

ফ্লোরিডার পাম বিচ শহর © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি যেখানে আছড়ে পড়ে, সেখান থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রাসাদ মার-এ-লাগোর দূরত্ব মাত্র ১৪ দশমিক ৪৮ কিলোমিটার বা ৯ মাইল।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এক বিবৃতিতে উড়োজাহাজটির নয় আরোহীর সবাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি এ ঘটনাকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ছিল লিয়ারজেট ৬০ মডেলের। এটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল।

পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল এলাকার ক্রেস্টহেভেন বুলেভার্ড ও টেনথ অ্যাভিনিউ নর্থের মধ্যবর্তী স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন একটি বড় গর্ত তৈরি হয় এবং আশপাশে উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনায় মাটিতে থাকা কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনাস্থলের কারণে একটি মোবাইল হোম পার্কে প্রবেশের পথ বন্ধ হয়ে যায়। এতে সেখানকার প্রায় ৬০০ বাসিন্দার আশ্রয়ের প্রয়োজন হয় বলে জানিয়েছেন কাউন্টির এক কর্মকর্তা।

দুর্ঘটনার কয়েক মিনিট আগে উড়োজাহাজটির পাইলট আকাশপথ নিয়ন্ত্রণকেন্দ্রে যোগাযোগ করে উড়োজাহাজে বরফ জমার কথা জানান। তিনি বাইরের তাপমাত্রা মাইনাস ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি মাত্রার ঝাঁকুনির কথাও উল্লেখ করেন। ঝাঁকুনিতে উড়োজাহাজটি প্রায় ৭০০ ফুট পর্যন্ত ওঠানামা করছিল বলে জানান তিনি।

বিমান নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে পাইলটের কথোপকথনের রেকর্ডিং অনুযায়ী, একপর্যায়ে বৃষ্টিপাত শুরু হলে তিনি উড়োজাহাজটি আরও ওপরে নেওয়ার অনুরোধ করেন। এর কিছুক্ষণ পরই জরুরি অবস্থা ঘোষণা করেন। পাইলট জানান, উড়োজাহাজটি দ্রুত নিচে নেমে যাচ্ছে এবং নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ মুহূর্তে তিনি ‘মেডে’ সংকেতও দেন।

এদিকে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এফএএ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটি তদন্ত করবে। এনটিএসবির তদন্তকারীরা রবিবার ও সোমবার দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। এ বিষয়ে সোমবার সংবাদ সম্মেলন করারও পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজের দুর্ঘটনার মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী। এর আগে ২০০৮ সালে দক্ষিণ ক্যারোলাইনার কলাম্বিয়া থেকে উড্ডয়নের সময় লিয়ারজেট ৬০ বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছিলেন।

অক্টোবরে ৫১ জন ধর্ষণের শিকার, নির্যাতিত ২৪০: বাংলাদেশ মহিলা…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০২ নভেম্বর ২০২৬
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে মিলবে টানা তিন দিনের ছুটি
  • ০২ নভেম্বর ২০২৬
একাদশে তৃতীয় ধাপের ভর্তি শুরু আজ, চলবে ৩ নভেম্বর পর্যন্ত
  • ০২ নভেম্বর ২০২৬
সকালে কফির বদলে পান করতে পারেন ৭ পানীয়, মিলবে যেসব উপকার
  • ০২ নভেম্বর ২০২৬
‘মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান’, ফ্লোরিডায় ভয়াবহ দুর্ঘটনায় নি…
  • ০২ নভেম্বর ২০২৬