সুদানে বাজারে ড্রোন হামলা, নিহত শতাধিক

২৯ অক্টোবর ২০২৬, ১০:০৬ AM
ড্রোন হামলা

ড্রোন হামলা © সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের একটি জনাকীর্ণ বাজারে ড্রোন হামলায় নারী ও শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১৩ জন। বুধবার (২৮ অক্টোবর) দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্তকারী সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স এ তথ্য জানিয়েছে। খবর আল–জাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালার দুমায়া এলাকার তানকং বাজারটিতে স্থানীয় মানুষের উপস্থিতিতে এ হামলা করা হয়। ইমার্জেন্সি লইয়ার্সের দাবি, হামলাটি চালিয়েছে সুদানের সেনাবাহিনী। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। হামলার পর বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে নিহত ও আহতের সংখ্যায় পার্থক্য রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও চিকিৎসাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছিল, হামলায় অন্তত ২১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। পরে ইমার্জেন্সি লইয়ার্স জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ১০২ হয়েছে। আহত হয়েছেন আরও ১১৩ জন। হামলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়া নিয়ালা টিচিং হাসপাতালকে সহায়তা করছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)। সংস্থাটি জানিয়েছে, হামলার পর হাসপাতালটিতে ৩৬ জনের মরদেহ নেওয়া হয়। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে ১৫০ জনের বেশি আহতকে। তাঁদের মধ্যে ২১ জনই সাধারণ মানুষ ছিল।

এমএসএফের নিয়ালা প্রকল্পের সমন্বয়ক ডেল কোনিক্স জানিয়েছে, আহত ব্যক্তিদের শরীরে বিস্ফোরণের ধাতব টুকরার আঘাত, মুখে রক্তাক্ত ক্ষত ও গুরুতর দগ্ধ হওয়ার চিহ্ন ছিল। বাজার থেকে আহত ব্যক্তিদের তিন চাকার যান ও গাধার গাড়িতে করে হাসপাতালে আনা হয়। নারী ও শিশুসহ আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে চিকিৎসাকর্মীদের রাতভর কাজ করতে হয়েছে।

তিনি বলেছেন, বাজার, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো কোনোভাবেই হামলার লক্ষ্য হওয়া উচিত নয়। সংঘাতের সব পক্ষেরই বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় বাজারে সশস্ত্র গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদের উপস্থিতি ছিল বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। বাজারে খাবার ও চা বিক্রি করে জীবিকা নির্বাহ করা নারীরাও হামলায় প্রাণ হারিয়েছেন।

যুদ্ধের কারণে সুদানে বেকারত্ব ও আয়সংকট বেড়েছে। এ অবস্থায় সশস্ত্র যোদ্ধাদের সমাগমস্থলের আশপাশে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন অনেক সাধারণ মানুষ। ফলে এমন এলাকায় হামলায় সাধারণ মানুষের হতাহতের ঝুঁকি বাড়ে। ইমার্জেন্সি লইয়ার্স এ হামলার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফের মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাত চলছে। ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এ লড়াই এখন দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দুই পক্ষেই ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। তবে এসব হামলায় বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়ালায় বাজারে হামলার এক দিন পর এমএসএফ জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আরএসএফের বিরুদ্ধেও খার্তুমসহ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামোয় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সংঘাতের কারণে বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও খাদ্য সরবরাহব্যবস্থা ব্যাহত হচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম তিন সপ্তাহেই সুদানে ড্রোন হামলায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। হামলার শিকারদের মধ্যে বেসামরিক নাগরিকই বেশি। ফলে সুদানের চলমান যুদ্ধ দেশটিতে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। দীর্ঘ সংঘাতে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বহু এলাকায় খাদ্যসংকট ও অপুষ্টি বেড়েছে। জাতিসংঘের হিসাবে, দেশটির প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।

নিয়ালা ও দারফুরের অন্যান্য এলাকায় নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষের খাদ্য ও চিকিৎসাসেবা পাওয়াও কঠিন হয়ে উঠেছে। বাজারের মতো জনসমাগমপূর্ণ স্থানে হামলা পরিস্থিতিকে আরও সংকটময় করছে। সুদানের যুদ্ধের সঠিক হতাহতের হিসাব পাওয়া কঠিন। বিভিন্ন সূত্রের তথ্যে পার্থক্য থাকলেও আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে, ড্রোন হামলা ও অন্যান্য সামরিক অভিযানে বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে। সংঘাতের পক্ষগুলোর প্রতি বেসামরিক মানুষ ও স্থাপনা সুরক্ষিত রাখা এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো।

নদী থেকে একদিন পর উদ্ধার, যেভাবে পরিচয় মেলে বিমানবাহিনীর তা…
  • ২৯ অক্টোবর ২০২৬
১৫০০ টাকায় বিক্রি হওয়া প্রশ্ন ফাঁসের তদন্তে বেরিয়ে এলো থলের…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফ…
  • ২৯ অক্টোবর ২০২৬
সেঞ্চুরিতে রেকর্ড, এখন তামিমের পরই সাদমান
  • ২৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৯ অক্টোবর ২০২৬
সুদানে বাজারে ড্রোন হামলা, নিহত শতাধিক
  • ২৯ অক্টোবর ২০২৬