বিশ্ববাজারে কমল তেলের দাম 

১৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ PM
কমল তেলের দাম

কমল তেলের দাম © সংগৃহীত

রাশিয়ার উপর থেকে জ্বালানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর কিছুটা কমেছে তেলের দাম। সোমবার (১৯ অক্টোবর) ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে তেলের দাম যেটি বিগত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তবে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের সংঘাত এবং রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও শুল্ক শিথিল করার প্রভাব নিয়ে বাজারে উদ্বেগ রয়েছে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যার আগের দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭২ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ১০৮ দশমিক ১৪ ডলারে নেমে আসে। এর আগে শুক্রবার ব্রেন্টের দাম গত ১৯ মে-র পর সর্বোচ্চ পর্যায়ে গিয়ে লেনদেন শেষ করেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে ১০০ দশমিক ৫৪ ডলারে দাঁড়ায়। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ তেলের দাম ১৭ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে ছিল।

তবে হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সংঘাতের আগের তুলনায় তেল সরবরাহ কম থাকায় বাজারে দাম ধরে রাখার চাপ রয়েছে। অর্থাৎ দাম কমার এই প্রবণতা স্থিতিশীল নয়। ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, ‘হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজে হামলা অব্যাহত থাকা এবং তেলের প্রবাহ সংঘাত-পূর্ববর্তী মাত্রার নিচে থাকায় দাম বাড়তি সমর্থন পাচ্ছে।’

ইরানের গণমাধ্যমের বরাতে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, রবিবার হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একটি নৌমাইনে আঘাত লেগে তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় এবং সেটি বিস্ফোরিত হয়।

বিশ্ব বাণিজ্য বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান কেপলারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে যাওয়ায় গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলের সরবরাহ দৈনিক গড়ে প্রায় ৮৫ লাখ ব্যারেলে নেমে আসে। আগের সপ্তাহে এ সরবরাহ ছিল দৈনিক ২ কোটি ব্যারেলের বেশি। গত সপ্তাহে বাণিজ্যিক জাহাজে অন্তত ১০টি হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এসইবির বিশ্লেষক বিয়ার্নে শিলড্রপ বলেন, হরমুজ প্রণালি দিয়ে সম্প্রতি তেল রপ্তানির পরিমাণ বাড়লেও তা অব্যাহত থাকবে—এমন নিশ্চয়তা নেই। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান হামলা আরও বাড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে মিসর। সোমবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রিয়াদসহ কয়েকটি এলাকায় সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্কবার্তা জারি করে। 

এর আগে সোমবার ইয়েমেনের উপকূলীয় দক্ষিণ-মধ্যাঞ্চলের জ্বালানিসমৃদ্ধ শাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় ৫৩ জন নিহত ও ২০০ জন আহত হন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফিলিপ নোভার বাজার বিশ্লেষণ বিভাগের প্রধান প্রিয়াঙ্কা সচদেবা বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্পের পদক্ষেপকে আরেকটি মরিয়া চেষ্টা বলে মনে হচ্ছে।’ তার মতে, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার কারণে সরবরাহে যে বাস্তব সংকট তৈরি হয়েছে, এ পদক্ষেপ তা সমাধান করতে পারবে না।

এদিকে হরমুজ প্রণালিতে ইরানের জ্বালানি চালানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ থাকা সত্ত্বেও ইরান বেশ ভালো পরিমাণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও জেট জ্বালানি রপ্তানি করতে পেরেছে। জাহাজ চলাচলসংক্রান্ত গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950