বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 

০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ PM
সমুদ্রে তেল কুপ

সমুদ্রে তেল কুপ © সংগৃহীত

অতিরিক্ত ডিজেল ও অপরিশোধিত তেলের মজুত বাজারে ছাড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার খবরের পর শুক্রবার (২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ডিজেলের তেলের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। একই সময়ে ইউরোপীয় ডিজেলের দর কমেছে ৫ শতাংশের বেশি। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

শুক্রবার(২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮৩ ডলার বা ২ দশমিক ৭৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৮ ডলারে নেমেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ৩৫ ডলার বা ৩ দশমিক ৬১ শতাংশ। ফলে ব্যারেলপ্রতি এর দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৫২ ডলারে।

চলতি সপ্তাহেও দুই ধরনের অপরিশোধিত তেলের দাম কমার পথে রয়েছে। সপ্তাহজুড়ে এখন পর্যন্ত ব্রেন্টের দাম প্রায় ৪ দশমিক ৭ শতাংশ কমেছে। ডব্লিউটিআই কমেছে প্রায় ৩ দশমিক ১ শতাংশ। ডিজেল দামের একটি গুরুত্বপূর্ণ সূচক ইউরোপীয় গ্যাসঅয়েল ফিউচারও ৫ শতাংশের বেশি কমে মেট্রিক টনপ্রতি ১ হাজার ৩৭৭ ডলারে নেমেছে।

স্যাক্সো ব্যাংকের পণ্যবাজার কৌশল বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, ‘পুরো জ্বালানি বাজারই নিম্নমুখী। এর নেতৃত্ব দিচ্ছে গ্যাসঅয়েল ও ইউএলএসডি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো জ্বালানি ও অপরিশোধিত তেলের মজুত ছাড়ার বিষয়ে আলোচনা করছে। এর লক্ষ্য বাজারের তীব্র সংকট কমানো এবং সম্ভাব্য মার্কিন ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা।’

শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অতিরিক্ত ডিজেল মজুত ছাড়ার বিষয়ে ফ্রান্সের একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ওই প্রস্তাবের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের চাপ। জ্বালানির বাড়তে থাকা দাম কমাতে ইউরোপের দেশগুলোকে বাজারে আরও জ্বালানি সরবরাহের আহ্বান জানিয়ে আসছে ওয়াশিংটন। আলোচনায় ইউরোপীয় দেশগুলোকে ৫ কোটি ব্যারেল ডিজেল এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্যদের আরও ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত থেকে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে ওই সূত্র জানান।

হ্যানসেন বলেন, ‘এটি দেখাচ্ছে, জ্বালানি বাজারের মূল চাপ এখন আর অপরিশোধিত তেলের প্রাপ্যতা নিয়ে নয়। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধার হচ্ছে। বরং পরিশোধিত জ্বালানি সরবরাহই এখন বড় সংকটের জায়গা। মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় শোধনাগারের সক্ষমতা ও উৎপাদন কমে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের শোধনাগারগুলো অক্টোবর মাসে পরিশোধিত জ্বালানি রপ্তানি স্থগিত করেছে। অভ্যন্তরীণ মজুত ধরে রাখার জন্য বেইজিং এ পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এরপর আগের সেশনে তেলের দাম বেড়েছিল।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী এবং আরও ১০ হাজারের মতো সেনা পাঠাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবার হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল দিয়ে তেল সরবরাহ ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। পাইপলাইন ব্যবহারের বিকল্প ব্যবস্থার মাধ্যমে সরবরাহও সাম্প্রতিক সময়ে বেড়েছে।

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬