অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি

১১ অক্টোবর ২০২৬, ১১:০৪ AM
 অভিজিৎ দীপকে

অভিজিৎ দীপকে © টিডিসি ফটো

ভারতের রাজধানী দিল্লিতে ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের দ্বিতীয় দিনে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দিয়েছেন আদালত। শনিবার দিল্লিতে বিমান অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকে আটক হওয়ার পর রোববার সকালে তাদের আবারও প্রতিরোধমূলক আটক করা হয়েছিল।

সকালে সিজেপির এই তিন নেতাকে দিল্লি ক্যান্টনমেন্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে আদালত তাদের মুক্তি দেন। ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান বিক্ষোভের দ্বিতীয় দিনে তাদের আটক করা হয়েছিল।

এর আগে শনিবার রাজনীতিবিদসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। মধ্য দিল্লির যন্তর মন্তরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীজুড়ে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে পুলিশ। ফলে বিক্ষোভকারীরা এক জায়গায় জড়ো হতে না পেরে শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভ করেন।

কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধীর সমর্থক এবং নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত ইউটিউব অ্যাক্টিভিস্ট ধ্রুব রাঠিও শনিবার রাতে মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন।

এদিকে দিল্লিতেমেট্রো স্টেশন ও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিশেষ অধিবেশন বসার কথা রয়েছে। শনিবার মেট্রো স্টেশন ও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে এ আবেদন করা হয়।

রোববার সকালে মেট্রো চলাচল স্বাভাবিক ছিল। তবে স্টেশনগুলোর প্রবেশ ও বের হওয়ার পথে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ছিলেন। আটক ব্যক্তিদের সরিয়ে নিতে কাছাকাছি এলাকায় বাসও রাখা হয়েছিল।

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছিলেন, শনিবারের পরিকল্পিত বিক্ষোভের আগে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা যাবে না।

সিজেপির নেতারা জানিয়েছেন, ভোটার তালিকা থেকে ১৩ কোটি ভোট মুছে ফেলা ও কারসাজির অভিযোগের বিষয়ে জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে বিক্ষোভ চলবে। তাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে মানুষের জমায়েত ঠেকাতে জাতীয় রাজধানীতে ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারি করা হয়েছে।

বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দীপকে সিজেপি প্রতিষ্ঠা করেন। তিনি ভারতে ফিরে এসে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিক্ষোভের নেতৃত্ব দেন। ওই ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ ছাড়তে হতে পারে বলে তখন আলোচনা ছিল। দেশজুড়ে বিরোধী দলগুলো সিজেপির আন্দোলনকে সমর্থন দিচ্ছে।

তবে বিজেপি সিজেপিকে বিরোধী শক্তিগুলোর একটি অংশ হিসেবে আখ্যা দিয়েছে। দলটির অভিযোগ, সংগঠনটি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিজেপির সভাপতি নিতিন নবীন অভিযোগ করেছেন, বিরোধী গোষ্ঠীগুলো ‘বিদেশি শক্তির’ নির্দেশনায় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘গণতন্ত্রে প্রত্যেক ব্যক্তির ভিন্নমত প্রকাশের অধিকার রয়েছে।’ তবে তিনি সতর্ক করে বলেন, ‘নৈরাজ্য ছড়ানো কারও অধিকার নয়।’

তিনি আরও বলেন, জেন-জি প্রজন্মকে ‘সাময়িকভাবে বিভ্রান্ত করা হতে পারে’, কিন্তু ‘জাতি গঠনের লক্ষ্য থেকে তাদের কখনোই বিচ্যুত করা যাবে না।’

সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬