সাবেক পেশাদার কুস্তিগীর ও WWE কিংবদন্তি দ্য গ্রেট খালি ওরফে দলিপ সিং রানা। © সংগৃহীত ছবি
ভারতের হরিয়ানার পানিপথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন সাবেক পেশাদার কুস্তিগীর ও WWE কিংবদন্তি ‘দ্য গ্রেট খালি’। দুর্ঘটনায় তাঁর বিলাসবহুল টয়োটা ফর্চুনার গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও তিনি নিরাপদে আছেন।
গত শনিবার (২৯ আগস্ট) হরিয়ানার পানিপথের একটি টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খালির সাদা রঙের ফর্চুনার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা লাগে। এতে তাঁর গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার ভিডিও ফুটেজ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে খালির ভক্তদের মধ্যে নানা উদ্বেগ তৈরি হয়। তবে পরে ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়ে নিজের সুস্থতার কথা জানান তিনি।
দলিপ সিং রানা নামের এই সাবেক কুস্তিগীর বিশ্বজুড়ে ‘দ্য গ্রেট খালি’ নামে পরিচিত। তিনি দুর্ঘটনাটিকে ছোটখাটো ঘটনা হিসেবে উল্লেখ করে ভক্তদের আশ্বস্ত করেন যে, তাঁর গুরুতর কোনো আঘাত লাগেনি এবং তিনি সম্পূর্ণ নিরাপদে আছেন।