ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্পণ

০৪ আগস্ট ২০২৬, ০৮:৪২ AM
 ডোনাল্ড  ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

ইরানকে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা আছে—চুক্তি করা অথবা পুরোপুরি আত্মসমর্পণ করা। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে সমাধানের বিষয়ে আলোচনা চলছে। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে তেহরান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে 'দ্বিমুখী' আচরণের অভিযোগ তোলেন। তার দাবি, একদিকে ইরান আলোচনার জন্য অনুরোধ করছে, অন্যদিকে প্রকাশ্যে বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান স্বীকার করুক বা না-ই করুক, তারা বহু দশক ধরে যে সমস্যার সৃষ্টি করেছে, তার সমাধান নিয়ে আমরা বাস্তবেই আলোচনা করছি।’

একই পোস্টে তিনি হরমুজ প্রণালি নিয়ে ইরানের দাবিও প্রত্যাখ্যান করেন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা আবারও আগের মতো বলছে যে হরমুজ প্রণালি তাদের শক্ত হাতে পরিচালিত হবে। অথচ এটি ইতোমধ্যেই পুরোপুরি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কেউ এটিকে অবরোধ বলে, আবার কেউ বলে "যুক্তরাষ্ট্রের ইস্পাতের প্রাচীর"।’

তিনি আরও বলেন, হরমুজ প্রণালি দিয়ে কী যাবে আর কী যাবে না, সেটি পুরোপুরি যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

ট্রাম্প লিখেছেন, ‘আমরা না চাইলে ইরানের দিকে কিছুই যেতে পারবে না। আর একটি চুক্তি না হওয়া বা সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত কিছুই যেতে দেওয়া হবে না।’

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়, যখন এর আগের দিন তিনি জানান যে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত একটি বড় সামরিক হামলা থেকে তিনি সরে এসেছেন।

রোববার ট্রাম্প বলেন, তিনি ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা’ চালানোর পরিকল্পনা করেছিলেন। তবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে তিনি সেই পরিকল্পনা স্থগিত করেন।

তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলার পর এবং ইরানের কিছু কর্মকর্তার পক্ষ থেকে যোগাযোগের উদ্যোগ আসায় তিনি কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও তিনি ওই ইরানি কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করেননি।

ট্রাম্প আরও বলেন, ‘এখন আমরা আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে কথা বলছি। আগামীকাল (সোমবার) বিকেল থেকে সেই আলোচনা শুরু হবে।’

তবে কারা ওই আলোচনায় অংশ নেবেন, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি।

অন্যদিকে ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার বলেন, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো আলোচনা চলছে না।

তিনি জানান, ইরানের কেবল ওমানের সঙ্গে আলোচনা চলছে। হরমুজ প্রণালির অপর প্রান্তে থাকা ওমানের সঙ্গে এই আলোচনা শুধু প্রণালিতে সাময়িকভাবে নিরাপদ নৌ-চলাচলের ব্যবস্থা করার বিষয়েই সীমাবদ্ধ।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬