জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১২ জুলাই ২০২৬, ০৯:২৬ AM
জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি

জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি © ফাইল ফটো

জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি বলছে, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে।

আজ রবিবার (১২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করেছে।

এ ছাড়া ঘাঁটিতে থাকা এমকিউ-৯ ড্রোন সংরক্ষণের জন্য ব্যবহৃত হ্যাঙ্গারও হামলায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

তবে আইআরজিসির এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে সংস্থাটি জানায়, ওমানের পূর্বে প্রায় ৯ নটিক্যাল মাইল (প্রায় ১৬ দশমিক ৭ কিলোমিটার) দূরে একটি সামুদ্রিক ঘটনার খবর পাওয়া গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলা চালায়।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, হামলার পর জাহাজে আগুন লাগে। ইঞ্জিন কক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে একজন বেসামরিক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। ক্ষতির কারণে জাহাজটি আর যাত্রা চালিয়ে যেতে পারেনি।

সেন্টকম আরও জানায়, এ ঘটনার পর রবিবার ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

অন্যদিকে ইরানের আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, তারা জাহাজটির গতিরোধ করেছে, এটি সতর্কবার্তা উপেক্ষা করে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করছিল। তাদের দাবি, জাহাজটি সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছিল এবং অন্য কয়েকটি জাহাজের সঙ্গে অননুমোদিত রুট ব্যবহার করছিল। তথ্যসূত্র: আল জাজিরা

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬