শুভেন্দু অধিকারী © টিডিসি ফটো
পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং প্রথমবারের মতো বিজেপি নেতৃত্বাধীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও একসঙ্গে শপথ নেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) অনুষ্ঠান শুরু হয় এবং বাংলাদেশ সময় দুপুর ১২টার কিছু পর রাজ্যপাল আর এন রবি উপস্থিতিতে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেন।
শপথ শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেন্দু অধিকারীর কাঁধে হাত রেখে তাকে অভিনন্দন জানান। এরপর নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডুসহ অনেকে।
অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাদখোলা গাড়িতে শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে মঞ্চে উপস্থিত হন। তারা তিনজনই জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান।
রবীন্দ্র জয়ন্তীর দিনে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদি। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহানসহ শীর্ষ নেতারা। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে ছিলেন যোগী আদিত্যনাথ, চন্দ্রবাবু নাইডু, দেবেন্দ্র ফডনবীশ, হিমন্ত বিশ্বশর্মা, মানিক সাহা, রেখা গুপ্ত, পুষ্কর সিং ধামি প্রমুখ।
এছাড়া সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীসহ দেশের নানা পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলকাতা ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকও যোগ দেন এই শপথ অনুষ্ঠানে।
এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পরাজিত হয়। এরপরই বিজেপি ২০৭ জন বিধায়কের সমর্থনে সরকার গঠনের দাবি জানায়। শুক্রবার রাজভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির কাছে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জমা দেন শুভেন্দু অধিকারী।
এর আগের দিন নিউ টাউনের কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত ২০৭ বিধায়ককে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করার ঘোষণা দেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।