টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডোবানোর দাবি যুক্তরাষ্ট্রের, নিহত ৮৭

০৪ মার্চ ২০২৬, ০৯:২৫ PM
 ইরানি যুদ্ধ জাহাজে হামলা

ইরানি যুদ্ধ জাহাজে হামলা © টিডিসি ফটো

ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজকে টর্পেডো হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ভয়াবহ এই হামলায় এখন পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১০০ জন আরোহী। 

পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ‘একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল’। হামলার শিকার জাহাজটি ইরানি নৌবাহিনীর ‘আইরিস দেনা’ বলে শনাক্ত করা হয়েছে, যা শ্রীলঙ্কা উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতে জাহাজটি বিধ্বস্ত হয়ে সাগরে তলিয়ে যায়।

শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, এই হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছেন এবং জাহাজটির প্রায় ১০০ জন আরোহী নিখোঁজ রয়েছেন। তবে শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জাহাজের নথি যাচাই করে জানিয়েছেন, ‘আইরিস দেনা’ যুদ্ধজাহাজে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে নিহতের সংখ্যা ৮০ জনের বেশি বলে উল্লেখ করা হলেও পরবর্তী উদ্ধার অভিযানে আরও মরদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে।

ভয়াবহ এই হামলার পর ‘আইরিস দেনা’ থেকে পাঠানো জরুরি বিপদ সংকেত পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে শ্রীলঙ্কার নৌবাহিনী। তারা এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। 

শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর দেওয়া আরোহী ও উদ্ধারের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, এখনো প্রায় ৬৮ থেকে ১০০ জন আরোহীর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে ভারত মহাসাগরের ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন সাবমেরিন কর্তৃক ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার এই ঘটনা মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

নজরুল বর্ষ ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কর্মসূচি নির্ধার…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬