হামলায় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার রেশ না কাটতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ক্যাম্পাসের পাশের এলাকা গেরুয়ায় এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে স্থানীয়দের সঙ্গে জাবি শিক্ষার্থীরা দ্বন্দ্বে জড়ায়। এরই জের ধরে স্থানীয়রা ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া বাজারে শিক্ষার্থীদের মেসে হামলা চালায়। পাশাপাশি তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলা করে।
কয়েক দফার এ হামলায় ৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগ ৪২তম ব্যাচের শিক্ষার্থী রুবেলের মাথা ফেটে গেছে। জাবি মেডিকেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানায়, হামলার তথ্য জানার পরপরই ঘটনাস্থলে আমরা হাজির হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানাতে পারব। আমরা ফোর্স বৃদ্ধি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, পরিস্থিতি আগের চেয়ে এখন অনেকটা স্বাভাবিক। আমাদের ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছে। আর যারা গেরুয়ার বিভিন্ন বাসায় আটকা পড়েছে তাদের উদ্ধার করার চেষ্টা করছি। এছাড়া ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমরা তাদের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।
প্রসঙ্গত, এর আগে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।