© টিডিসি ফটো
জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র ও তার বাবা-মাসহ পরিবারের সদস্যের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আবুল কালাম ওরফে কালু নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।
ওই ছাত্রের নাম আবদুল ওয়াদুদ। তিনি ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২০১৪-১৫) সেশনের ছাত্র। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার যোগানিয়া ইউনিয়নের উজানগাংপাড় গ্রামে।
আবদুল ওয়াদুদ বলেন, ‘২০১৩ সালে আমার বাবা আবদুল কুদ্দুস উনার চাচার (ছোর রহমান) কাছ থেকে ১৫ শতাংশ জমি ক্রয় করে। কিন্তু ওই বছরেই তিনি মারা যান। তাই বাবা আর ওই জমি রেজিস্ট্রি করতে পারেনি। এরপর থেকে উনার ছেলে আবুল কালাম কালুর কাছ থেকে জমি রেজিস্ট্রি করে নিতে চাইলে তিনি তা আর দেননি। আমি নিজে অনেকের সাথে কথা বলেছি, হয় টাকা না হয় জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য। এতেও উনি রাজি হননি।’
তিনি বলেন, এরই জের ধরে শুক্রবার (২৮ আগস্ট) আবুল কালাম ওরফে কালু ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে হামলা করে। এসময় বাবাকে রাম দা দিয়ে মাথায় কোপ দেয়া হয়েছে। আমাকে ও আমার মাকেও মারধর করা হয়েছে। পরে আশপাশের লোকজন এসে ছাড়িয়ে নিলে বাবা-মাকে আহত অবস্থায় নালিতাবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় অভিযোগ দিয়েছি আবদুল ওয়াদুদ।
হামলার বিষয় অস্বীকার করেন অভিযুক্ত আবুল কালাম ওরফে কালু। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, হামলার বিষয়টি একবারে মিথ্যা। আমি কাউকে হামলা করিনি। আমার অসহায়ত্বকে পুঁজি করে আবদুল ওয়াদুদ এ কাজ করছে বলে দাবি তার।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বশির আহমেদ বাদল বলেন, শনিবার (২৯ আগস্ট) আব্দুল ওয়াদুদ নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধের জেরে হামলার একটি অভিযোগ দিয়েছে। আমাদের কাছে সেটা সংরক্ষিত আছে। আমরা সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।