ঢাবির নারী শিক্ষার্থীদের জন্য নির্মিত অত্যাধুনিক জিমনেসিয়াম উদ্বোধন করা হয়েছে © টিডিসি ফটো
আট মাস আগে নির্মাণকাজ শেষ হলেও তালাবদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের জন্য নির্মিত প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ের অত্যাধুনিক জিমনেসিয়াম। আধুনিক সরঞ্জাম প্রস্তুত, অবকাঠামো- সবই রয়েছে। বাকি ছিল শুধু দরজা খোলা। কিন্তু প্রশাসনিক অনুমোদন, বিদ্যুৎ সংযোগ, প্রশিক্ষক নিয়োগসহ নানা জটিলতায় আটকে ছিল উদ্বোধন। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও প্রশাসনের মধ্যে চলেছে দীর্ঘ টানাপোড়েন। করা হয়েছে পাল্টাপাল্টি অভিযোগও।
অবশেষে বুধবার (১৮ নভেম্বর) সেই অপেক্ষার অবসান ঘটেছে। যদিও উদ্বোধনের দিনও তৈরি হয় নতুন জটিলতা। নির্ধারিত সময় দুপুর ১২টায় এসে বিভিন্ন দরজায় নতুন তালা দেখতে পান ডাকসুর নেতারা। পাঁচ মিনিটের সময় বেঁধে দিলেও অপেক্ষা করতে হয় ৫৫ মিনিট। একপর্যায়ে ডাকসুর তালা ভাঙার হুঁশিয়ারি ও নারী শিক্ষার্থীদের চাপের মুখে চাবি দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে বেলা ১টার দিকে উদ্বোধনের মধ্য দিয়ে নারী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত হয় জিমনেসিয়ামটি।
বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলায় এ নিয়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হন ডাকসু নেতা ও নারী শিক্ষার্থীরা। কিন্তু প্রবেশপথসহ বিভিন্ন কক্ষে ঝুলছিল নতুন তালা। ডাকসুর পক্ষ থেকে সংশ্লিষ্ট শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষকে পাঁচ মিনিটের মধ্যে তালা খুলে দেওয়ার অনুরোধ জানানো হলেও তাতে সাড়া মেলেনি। পরে সৌজন্য দেখিয়ে প্রায় ৫৫ মিনিট অপেক্ষা করেন নেতারা।
একপর্যায়ে নারী শিক্ষার্থীরা নিজেরাই তালা ভাঙার উদ্যোগ নিলে কর্তৃপক্ষ চাবি দেয়। এরপর বেলা ১টার দিকে জিমনেসিয়ামটি উদ্বোধন করা হয়। প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে আমান গ্রুপের অর্থায়নে নির্মিত জিমনেসিয়ামটিতে কার্ডিও, ওয়েট ট্রেনিং, পেশির ব্যায়াম ও ফিটনেস চর্চার জন্য রয়েছে আধুনিক নানা সরঞ্জাম।
এর মধ্যে তিনটি ইলেকট্রিক ট্রেডমিল, দুটি ইলিপ্টিক্যাল ট্রেইনার, তিনটি স্পিনার বাইক, একটি স্মিথ মেশিন, একটি কেবল ক্রসওভার, একটি ল্যাট পুল বা সিটেড রো, একটি অ্যাঙ্গেল লেগ প্রেস এবং একটি প্রোন লেগ কার্ল বা লেগ এক্সটেনশন মেশিন রয়েছে। ওজন নিয়ে ব্যায়ামের জন্য সরবরাহ করা হয়েছে ১০৫ কেজি ওয়েট প্লেট (সিপিইউ রাবার কোটেড), ১০৫ কেজির এক সেট ফিক্সড ডাম্বেল (পিইউ রাবার কোটেড), একটি ডাম্বেল র্যাক, ২৪ কেজির তিনটি কেটেল বেল ও দুটি অ্যাডজাস্টেবল বেঞ্চ।
এ ছাড়া রয়েছে পাঁচটি এরোবিক স্টেপার, দুটি এবি কোস্টার, একটি ব্যাটল রোপ, পাঁচটি জিম বল, আটটি স্কিপিং রোপ, পাঁচ সেট রেজিস্ট্যান্স ব্যান্ড, ১২টি এক্সারসাইজ ম্যাট ও ছয়টি ফোম রোলার। পাশাপাশি একটি ডাবল রোপ, একটি ট্রাইসেপ বার, দুটি সিঙ্গেল ক্রস বার, একটি ট্রাইসেপ প্রেস ডাউন বার ও একটি ডাবল ক্রস বার সরবরাহ করা হয়েছে।
বিদ্যুৎ সংযোগ, প্রশিক্ষক নিয়োগে জটিলতায় আটকে ছিল উদ্বোধন
জিমনেসিয়াম নির্মাণ থেকে উদ্বোধন পর্যন্ত দীর্ঘ প্রক্রিয়ার বর্ণনা দেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান। তিনি বলেন, ‘শুরু থেকেই নারী শিক্ষার্থীদের জন্য আলাদা জিমনেসিয়ামের দাবি ছিল। ডাকসুরও এমন একটি জিমনেসিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। এ বিষয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করলে তিনি ইতিবাচক মনোভাব দেখান। ক্যাম্পাসে আসার পরপরই প্রশাসনের কাছে বাজেটের বিষয়টি উত্থাপন করি। প্রশাসন বিসিএসকে যেকোনো উপায়ে বাজেটে জিমনেসিয়াম অন্তর্ভুক্ত করার কথা জানায়। পরে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু হয়।’
প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে আমান গ্রুপের অর্থায়নে নির্মিত জিমনেসিয়ামটিতে কার্ডিও, ওয়েট ট্রেনিং, পেশির ব্যায়াম ও ফিটনেস চর্চার জন্য রয়েছে আধুনিক নানা সরঞ্জাম। এর মধ্যে তিনটি ইলেকট্রিক ট্রেডমিল, দুটি ইলিপ্টিক্যাল ট্রেইনার, তিনটি স্পিনার বাইক, একটি স্মিথ মেশিন, একটি কেবল ক্রসওভার, একটি ল্যাট পুল বা সিটেড রো, একটি অ্যাঙ্গেল লেগ প্রেস এবং একটি প্রোন লেগ কার্ল বা লেগ এক্সটেনশন মেশিন রয়েছে। ওজন নিয়ে ব্যায়ামের জন্য সরবরাহ করা হয়েছে ১০৫ কেজি ওয়েট প্লেট (সিপিইউ রাবার কোটেড), ১০৫ কেজির এক সেট ফিক্সড ডাম্বেল (পিইউ রাবার কোটেড), একটি ডাম্বেল র্যাক, ২৪ কেজির তিনটি কেটেল বেল ও দুটি অ্যাডজাস্টেবল বেঞ্চ।
নির্মাণকাজের সময়ের জটিলতা তুলে ধরে আরমান বলেন, ‘নির্মাণ শুরুর পর এসি স্থাপনের জন্য বিদ্যুৎ সংযোগ না থাকায় নতুন জটিলতা তৈরি হয়। এ কারণে প্রায় তিন মাস অপেক্ষা করতে হয়েছে। একাধিকবার যোগাযোগের পর সমস্যাটির সমাধান হয়। প্রায় আট মাস আগে জিমনেসিয়ামের কাজ শেষ হলেও উদ্বোধনের জন্য অপেক্ষা করতে হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিবর্তন ঘটে এবং পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যা তুলে ধরে উদ্বোধন পিছিয়ে দেওয়া হয়। সর্বশেষ প্রশিক্ষক না থাকার বিষয়টি সামনে আনা হয়েছে।’
প্রশিক্ষক নিয়োগের যুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে জিমনেসিয়াম থাকলেও সেখানে প্রশিক্ষক না থাকার দায় কার, সেই প্রশ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিচতলায় যে জিমনেশিয়াম চালু রয়েছে, সেখানেও প্রশিক্ষক নেই। একই ধরনের সরঞ্জাম দিয়ে সেখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই প্রশিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত নারী জিমনেশিয়াম বন্ধ রাখার যৌক্তিকতা দেখি না। দ্রুত প্রশিক্ষক নিয়োগের পাশাপাশি নিচতলার জিমের মতো অন্তর্বর্তী ব্যবস্থায় এটি চালুর প্রস্তাবও দিয়েছিলাম।’
আরমান আরও বলেন, ‘জিমনেসিয়াম উদ্বোধন নিয়ে সর্বশেষ যে সভা অনুষ্ঠিত হয়, সেখানে আমাকে রাখা হয়নি। সভা চলাকালে উপস্থিত হলেও আমার বক্তব্য বিবেচনায় নেওয়া হয়নি। সভা শেষে সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষক নিয়োগের পর উদ্বোধন করা হবে। পরে প্রো-ভিসির সঙ্গে যোগাযোগ করলে তিনি অনুমতি দিয়েছেন বলে জানান। সেই অনুমতির ভিত্তিতেই বুধবার উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়।’
শুধু নারী শিক্ষার্থী নয়, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রাও জিমনেসিয়ামটি ব্যবহারের অনুরোধ জানিয়েছিলেন বলে জানান আরমান। তিনি বলেন, ‘মেয়েরা না এলেও খেলোয়াড়রা সেখানে শরীরচর্চা করতে চেয়েছিলেন। কিন্তু তাদেরও অনুমতি দেওয়া হয়নি। ডাকসুর উদ্যোগে নির্মিত হওয়ায় জিমনেশিয়ামটি চালুর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে কি না, সেই প্রশ্ন রয়েছে।’
উদ্বোধনের পর আবারও তালাবদ্ধ করে রাখার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আজ খুলে দেওয়া হলেও কাল আবার তালা লাগানো হতে পারে। এমনটি হলে আরও কঠোর অবস্থান নিতে বাধ্য হব আমরা। এটি কোনো একক ব্যক্তির উদ্যোগ নয়; নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে নিজেদের অধিকার আদায়ে ভূমিকা রেখেছেন।’
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, ‘নারী শিক্ষার্থীদের জন্য জিমনেসিয়াম নির্মাণের উদ্যোগে শুরু থেকেই আমরা কাজ করেছি। নির্বাচনের পরের মাসেই ক্রীড়া সম্পাদক আরমানকে সঙ্গে নিয়ে আমান গ্রুপের সঙ্গে যোগাযোগ করি। প্রতিষ্ঠানটি অর্থায়নে সম্মতি জানালে প্রকল্পের ব্যয় বহনের দায়িত্ব স্পন্সরদের দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নির্মাণকাজ শুরু হয়।’
তিনি বলেন, ‘কাজ শেষ হওয়ার পর প্রায় আট মাস ধরে উদ্বোধনের চেষ্টা চালিয়েছি আমরা। একেক সময় একেক কারণ দেখিয়ে বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মতি পাওয়ার পরও নানা অজুহাতে উদ্বোধন আটকে রাখা হয়। শিক্ষার্থীদের নিয়ে দাবি জানানো ও বিভিন্ন কর্মসূচির পর শেষ পর্যন্ত উদ্বোধনের বিষয়ে সম্মতি পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘উদ্বোধনের জন্য এখানে এসে দেখি, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী তার দ্বিতীয় তলার অফিস ছেড়ে নিচতলায় বসেছেন। জিমনেসিয়ামের বিভিন্ন দরজা খুলে দেখি, প্রতিটিতে নতুন তালা লাগানো। আগের দিন উদ্বোধনের ঘোষণা দেওয়ার পরই এসব তালা লাগানো হয়েছে বলে আমাদের মনে হয়েছে।’

দুপুর ১২টায় উদ্বোধনের ঘোষণা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে তালা খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এরপরও সৌজন্য দেখিয়ে ৫৫ মিনিট অপেক্ষা করেও সমাধান পাওয়া যায়নি। পরে নারী শিক্ষার্থীরা নিজেরাই তালা ভাঙার উদ্যোগ নিলে কর্তৃপক্ষ চাবি দেয়।’
নারী শিক্ষার্থীদের হলের নিরাপত্তা ও প্রবেশব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়িত না হওয়ার অভিযোগও করেন ফরহাদ। তিনি বলেন, ‘হলগুলোয় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রতিটি হলে ডিজিটাল এন্ট্রি-এক্সিট গেট স্থাপনের পরিকল্পনা করেছিলাম। ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রবেশ করবেন। ফলে বহিরাগতদের প্রবেশের সুযোগ থাকবে না। এতে চুরি, পরিচয় গোপন করে প্রবেশ এবং গেটে শিক্ষার্থীদের বারবার হয়রানির আশঙ্কাও কমে আসত।’
ফরহাদের দাবি, ‘সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও অনুমোদনের উদ্যোগ নেওয়া হলেও প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নারী শিক্ষার্থীদের জন্য নেওয়া একাধিক প্রকল্পে একই ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তবে জিমনেসিয়াম চালু হওয়ায় নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যেকোনো নারী শিক্ষার্থী এখানে এসে শরীরচর্চা করতে পারবেন।’
ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ‘নির্বাচনী প্রচারণায় নারী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। বিশ্ববিদ্যালয়ে নারীদের উন্নয়ন ও অধিকার নিয়ে নানা কথা বলা হলেও তাদের মৌলিক সংকট সমাধানে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের যেসব দায়িত্ব পালনের কথা ছিল, সেখানে ঘাটতি থাকায় ডাকসু নিজেদের উদ্যোগে কাজগুলো বাস্তবায়নের চেষ্টা করেছে।’
তিনি বলেন, ‘আমান গ্রুপের অর্থায়নে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে জিমনেসিয়ামটি নির্মাণ করা হয়েছে। ডাকসুর ক্রীড়া সম্পাদক, জিএসসহ সংশ্লিষ্টরা এ কাজে দীর্ঘদিন পরিশ্রম করেছেন। আট মাস আগেই কাজ শেষ হয়েছিল। আমাদের প্রত্যাশা ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগটিকে স্বাগত জানিয়ে সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেবে।’
উপাচার্য, উপ-উপাচার্য ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করেও প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি অভিযোগ করে তিনি বলেন, ‘প্রতি মাসে অন্তত চার-পাঁচবার সংশ্লিষ্ট দপ্তরে গিয়েছি আমরা, সঙ্গে নিয়েছি শিক্ষার্থীদেরও। কিন্তু প্রতিবারই কমিটি ও প্রশাসনিক জটিলতার কথা বলা হয়েছে।’
সাদিক কায়েম আরও বলেন, ‘সর্বশেষ উপাচার্যের সঙ্গে দেখা করার পর অধ্যাপক ড. মুহাম্মদ আল-ফারুকীকে জিমনেসিয়াম চালুর বিষয়ে দায়িত্ব দেওয়া হয় বলে আমরা জানতে পারি। তার পক্ষ থেকে অনুমোদন দেওয়ার পরও শারীরিক শিক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের কারণে উদ্বোধন আটকে ছিল।’
উদ্বোধনের দিন নতুন তালা লাগানোর প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, ‘আগের দিন উদ্বোধনের ঘোষণা দেওয়ার পরও প্রতিটি দরজায় নতুন তালা লাগানো ছিল। এতে আমাদের মনে হয়েছে, নারী শিক্ষার্থীদের অগ্রযাত্রা থামিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। পাঁচ মিনিট সময় দেওয়ার পরও প্রায় ৫৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। পরে নারী শিক্ষার্থীরা নিজেরাই তালা খোলার জন্য এগিয়ে এলে কর্তৃপক্ষ চাবি দেয়। জিমনেসিয়াম চালু হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।’
তিনি বলেন, ‘এই জিমনেশিয়াম চালু হলে কোনো ছাত্রসংগঠন বা ব্যক্তির লাভ হবে না; উপকৃত হবেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে বাধা তৈরির কারণ কী, সেই প্রশ্ন রয়েছে। বিশ্ববিদ্যালয় দল, মত, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জায়গা। এ ধরনের সংকীর্ণতা ও অসহযোগিতার সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য কাম্য নয়।’
শারীরিক শিক্ষা কেন্দ্রের উন্নয়নে বরাদ্দ দুই কোটি টাকা আটকে থাকার অভিযোগও করেন ডাকসু ভিপি। তিনি বলেন, ‘প্রায় আট মাস আগে অর্থের ব্যবস্থা করা হলেও এখন পর্যন্ত উন্নয়নকাজ শুরু হয়নি। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের অ্যাকাউন্টে অর্থ আটকে রয়েছে। এত দিন ব্যাংকে টাকা পড়ে থাকলে সেখান থেকে কত মুনাফা হয়েছে, সেটিও হিসাব করা প্রয়োজন। সামান্য বৃষ্টিতেই খেলার মাঠে পানি
জমে যায়, শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারেন না। এমন পরিস্থিতিতে মাঠের উন্নয়নকাজ শুরু না হওয়া নিয়েও আমাদের ক্ষোভ রয়েছে।’
‘প্রশাসনিক প্রক্রিয়া ছাড়া হুট করে কিছু করা যায় না’
ডাকসুর অভিযোগের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী। তিনি বলেন, ‘আগের দিন ক্রীড়া সম্পাদক আরমান আমার সঙ্গে নবনির্মিত নারী জিমনেশিয়াম নিয়ে কথা বলেছিলেন। তখন তাকে জানিয়েছিলাম, বিষয়টি নিয়ে সভা করে উদ্বোধনের সময় জানানো হবে। কিন্তু আমার কথা বিবেচনা না করেই আরমান উচ্চস্বরে কথা বলেন এবং পরদিন তালা ভেঙে উদ্বোধনের ঘোষণা দেন।’
আরও খবর: ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাবিসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ
নয়না চৌধুরী বলেন, ‘প্রতিটি কাজেরই প্রশাসনিক ক্রাইটেরিয়া ও রুলস-রেগুলেশন রয়েছে। হুট করে কোনো কিছু করা যায় না। আমাদের নিষেধ করার পরও আজ বুধবার দুপুর ১২টা থেকে ডাকসুর নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। তারা তালা ভেঙে প্রবেশ করতে চেয়েছিলেন। আমি অনুমতি না দিলেও আমার নিষেধ অমান্য করে জিমনেসিয়াম খোলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আরমান আমার ছাত্র। তিনি বেয়াদবি করলে শিক্ষক হিসেবে তাকে শাসন করার অধিকারও আমার রয়েছে।’
অপেক্ষার অবসান, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
দীর্ঘদিনের অপেক্ষার পর জিমনেসিয়াম চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, ‘দীর্ঘদিন ধরে জিমনেসিয়ামটি উদ্বোধনের অপেক্ষায় ছিলাম আমরা। অবশেষে ডাকসু ও নারী শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এটি চালু করা সম্ভব হয়েছে। এমন উদ্যোগ নেওয়ায় ডাকসুকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ক্রীড়া সম্পাদক আরমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
আনিকা বলেন, ‘মেয়েদের হলে আসন সীমিত হওয়ায় অনেক নারী শিক্ষার্থী আবাসিক সুবিধা পান না। ফলে শরীরচর্চা ও শারীরিক ফিটনেস বজায় রাখার ক্ষেত্রে তাদের নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয়। নতুন এই জিমনেসিয়াম চালুর মধ্য দিয়ে হলে আসন না পাওয়া নারী শিক্ষার্থীদের জন্যও শরীরচর্চার সুযোগ তৈরি হলো।’
সংশ্লিষ্টরা বলছেন, আট মাসের অপেক্ষা, প্রশাসনিক টানাপোড়েন, নতুন তালা এবং ৫৫ মিনিটের অচলাবস্থা পেরিয়ে অবশেষে খুলেছে নারী জিমনেসিয়ামের দরজা। তবে উদ্বোধন ঘিরে ডাকসু ও প্রশাসনের পাল্টাপাল্টি বক্তব্যের পর শিক্ষার্থীরা বলছেন, অবকাঠামো নির্মাণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তা কার্যকরভাবে চালু রাখতে প্রয়োজন প্রশাসনিক সমন্বয়। নারী শিক্ষার্থীদের প্রত্যাশা, দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই সুযোগ যেন আবারও কোনো সিদ্ধান্ত বা জটিলতায় তালাবদ্ধ হয়ে না পড়ে।