এমপি মানসুরা আলম

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি জীবন্ত মাধ্যম

০৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ PM
আইএমএল ফিল্ম ফেস্ট

আইএমএল ফিল্ম ফেস্ট © টিডিসি সম্পাদিত

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মানসুরা আলম বলেছেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়। এটি ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবনকে বোঝার একটি জীবন্ত মাধ্যমও।

‘‘ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, ভাষা হচ্ছে পৃথিবীকে দেখার একেকটি জানালা। এ প্রসঙ্গে তিনি দার্শনিক লুডভিগ ভিটগেনস্টাইনের বিখ্যাত ধারণার উল্লেখ করে বলেন, ভাষার সীমাই মানুষের জগতের সীমা। নতুন একটি ভাষা শেখার মধ্য দিয়ে মানুষের সামনে নতুন একটি সমাজ, সংস্কৃতি ও চিন্তার জগৎ উন্মোচিত হয়।’’

আজ রবিবার (৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভাষা মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘আইএমএল ফিল্ম ফেস্ট’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।

চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আয়োজন এটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা মঞ্চের সভাপতি সোয়াইব ইসলাম ওমি, সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশেদ অমি প্রমুখ। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এমপি মানসুরা আলম বলেন, একটি ভাষার বই হয়তো একটি শব্দের অর্থ শেখাতে পারে, কিন্তু একটি চলচ্চিত্র দেখাতে পারে কোন পরিস্থিতিতে একজন মানুষ সেই শব্দ ব্যবহার করছে, কী অনুভূতি নিয়ে করছে, তার মুখের অভিব্যক্তি কী এবং সেই শব্দটির সাংস্কৃতিক তাৎপর্য কী। তাই চলচ্চিত্রকে ভাষা শিক্ষার একটি 'জীবন্ত শ্রেণিকক্ষ' হিসেবে অভিহিত করেন তিনি।

এ সময় তিনি অস্কারজয়ী 12 Years a Slave চলচ্চিত্রের উদাহরণ দিয়ে বলেন, ইতিহাসের বই দাসপ্রথা সম্পর্কে তথ্য দিতে পারে, কিন্তু একটি ভালো চলচ্চিত্র একজন মানুষের চোখ দিয়ে নিপীড়ন, অপমান এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে অনুভব করার সুযোগ তৈরি করে। এই ফেস্টকে তাই কেবল চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন হিসেবে না দেখে ভাষা শিক্ষাকে শ্রেণিকক্ষের চার দেয়ালের বাইরে নিয়ে যাওয়ার একটি সৃজনশীল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন মানসুরা আলম।

তিনি বলেন, আজকের পৃথিবীতে শুধু ইংরেজি জানলেই চলবে না। উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক বাণিজ্য, কূটনীতি, প্রযুক্তি ও কর্মসংস্থানের জন্য আমাদের আরও ভাষা জানতে হবে।

বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে মাধ্যমিক পর্যায়ে তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব এবং বিদেশি ভাষা শিক্ষাকে দক্ষ মানবসম্পদ তৈরির অংশ হিসেবে বিবেচনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ভাষা এখন শুধু সংস্কৃতির বিষয় নয়; এটি মানবসম্পদ, অর্থনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ সক্ষমতার সঙ্গেও যুক্ত।

আইএমএল ফিল্ম ফেস্ট’-এর মতো উদ্যোগ নতুন ভাষা শেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি করবে মন্তব্য করে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের ভাষাবৈচিত্র্য সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন সংসদ সদস্য মানসুরা আলম। 

তিনি বলেন, বাংলা ভাষার পাশাপাশি দেশের বিভিন্ন জনগোষ্ঠীর বহু ভাষা রয়েছে, যেগুলোর কিছু বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে রেংমিটচা ভাষার মতো বিপন্ন ভাষা সংরক্ষণে বিশ্ববিদ্যালয় ও ভাষা-চর্চাকারী শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এমপি মানসুরা আলম বলেন, একটি ভাষা হারিয়ে যাওয়ার অর্থ শুধু কিছু শব্দ হারিয়ে যাওয়া নয়; এর সঙ্গে একটি জনগোষ্ঠীর ইতিহাস, স্মৃতি ও সাংস্কৃতিক অভিজ্ঞতার একটি অংশ হারিয়ে যায়।

বক্তব্যের শেষাংশে চলচ্চিত্র ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে এমপি মানসুরা আলম বলেন, সিনেমা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং সংস্কৃতি চর্চা কোনো বিলাসিতা নয়; এটি জাতির অস্তিত্বের মৌলিক অংশ।

তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতির নিজস্ব সমন্বয়বাদী ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে ধারণ বাংলাদেশি জাতীয়তাবাদকে আদর্শ হিসেবে গ্রহণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এমপি মানসুরা আলম বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার একটি বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক বাংলাদেশ গড়তে কাজ করছে এবং স্বাধীন চিন্তার গণতান্ত্রিক পরিবেশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, বাংলাদেশের সমন্বয়বাদী সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ইতিবাচক সাংস্কৃতিক চর্চা গড়ে তুলতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বিইউবিটিতে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’ অনুষ…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই
  • ০৪ অক্টোবর ২০২৬
স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনি
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ হাঙ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন নর্থ সাউথ-ব্র্যাকের ড. নোভা আহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬