মোমতাহিনুল ইসলাম হাসনাত, জয়নুল আবেদীন ফাহিম ও শ্রাবণী চৌধুরী মম © টিডিসি সম্পাদিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের (চবিআস) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের ‘বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৬-২৭ সেশনের জন্য সভাপতি পদে মোমতাহিনুল ইসলাম হাসনাত এবং সাধারণ সম্পাদক পদে জয়নুল আবেদীন ফাহিম নির্বাচিত হয়েছেন। একই সাথে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন শ্রাবণী চৌধুরী মম।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে বর্ণাঢ্য পরিবেশে এই বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুল হোসাইন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চবিআসের স্থায়ী কমিটির আহ্বায়ক মো. শাহাদাত হুসাইন। নির্বাচন কমিশনের সদস্য সচিব ছিলেন সংগঠনের সভাপতি আদিল হাসান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহ-সভাপতি মাসউদুর রহমান ফাহাদ ও সাধারণ সম্পাদক তায়্যিবা বিনতে বুলবুল।
সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোমতাহিনুল ইসলাম হাসনাত সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল মোমেনীন আবির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। জয়নুল আবেদীন ফাহিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে ওমর ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া নির্বাচন কমিশন ও সদস্যদের মতামতের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হন শ্রাবণী চৌধুরী মম।
ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. কামরুল হোসাইন বলেন, আবৃত্তি সংসদ অন্যান্য সংগঠনের মতো গতানুগতিক সাংগঠনিক চর্চার মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের একটি পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা সত্যিই প্রশংসনীয়। এমন স্বচ্ছ, গঠনতান্ত্রিক ও পরিশীলিত সংগঠনচর্চার মাধ্যমে চবিআসের সদস্যরা কর্মজীবনে অন্যদের তুলনায় এগিয়ে থাকবে।
সহকারী নির্বাচন কমিশনার ও চবিআসের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. শাহাদাত হুসাইন বলেন, আবৃত্তি সংসদ প্রতিষ্ঠালগ্ন থেকে সদস্যদের নানামুখী দক্ষতা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি চর্চায় সংগঠনটির অবদান অনন্য হয়ে থাকবে।
নবনির্বাচিত সভাপতি মোমতাহিনুল ইসলাম হাসনাত তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের কণ্ঠচর্চা, মনন ও সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। নতুন পরিষদকে সঙ্গে নিয়ে আবৃত্তিচর্চার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি নিয়মিত কর্মশালা, আবৃত্তি অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ফাহিম বলেন, সংগঠনের ধারাবাহিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি ও সংস্কৃতিচর্চার পরিসর বৃদ্ধি এবং নতুন প্রতিভা বিকাশে ভূমিকা রাখা আমাদের অন্যতম লক্ষ্য।
নির্বাচন উপলক্ষ্যে দিনব্যাপী সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত পরিষদের সদস্যদের অভিনন্দন জানান সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবৃত্তি, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আসছে। নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান, কর্মশালা, প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণের পর সংগঠনের চলমান কার্যক্রমকে আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আবৃত্তিচর্চায় সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে বলে জানিয়েছেন।