চবিতে অনুমোদিত ফি ছাড়া অর্থ আদায়ে নিষেধাজ্ঞা

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুমোদিত ফি ছাড়া এবং রশিদবিহীন কোনো অর্থ আদায় করা যাবে না। বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূত ফি আদায়ের অভিযোগের পর চাকসুর হস্তক্ষেপে এ নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলামের সই করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশটি চবির সব বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের নিকট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ফি ব্যতীত/রশিদ ব্যতীত কোনো ফি গ্রহণ না করার জন্য আদেশক্রমে অনুরোধ করা হলো।’

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি-র বাইরে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে বিভাগ উন্নয়ন ফি, ল্যাব উন্নয়ন ফি এবং অনুপস্থিতির জরিমানাসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। এসব খাতে কোথাও ২ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। ইংরেজি, পরিসংখ্যান, যোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং গণিত বিভাগসহ কয়েকটি বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগের কথা উঠে এসেছে।

জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের কাছে স্মারকলিপি দেন চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। স্মারকলিপিতে অননুমোদিত ফি আদায় বন্ধের পাশাপাশি রশিদ বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাংকিং ব্যবস্থা ছাড়া যেকোনো ধরনের অর্থ গ্রহণ বন্ধের দাবি জানানো হয়।

চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে প্রশাসনের নির্ধারিত ফি-র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল। আমরা চাকসুর পক্ষ থেকে এসব অভিযোগ তুলে ধরে উপাচার্য বরাবর আবেদন করি, যাতে অননুমোদিত অতিরিক্ত ফি আদায় বন্ধ করা হয়। উপাচার্য মহোদয় বিষয়টি আমলে নিয়ে সকল বিভাগ ও ইনস্টিটিউটকে অতিরিক্ত, রশিদবিহীন এবং অনুপস্থিতিজনিত জরিমানা আদায় বন্ধে জরুরি নির্দেশ জারি করেন।’

মাদ্রাসার ভেতরে ‘ছাত্রী’র সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা শিক্ষ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রূপা কোথায়, জানি না’—বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে খাস ফুডের কর্মকর্তাদের মানসিক স্বা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চবিতে অনুমোদিত ফি ছাড়া অর্থ আদায়ে নিষেধাজ্ঞা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬