আলী নুরের পাশে ডাকসু নেতা এবি জুবায়ের © সংগৃহীত
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে চান্স পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে যাতায়াতের সমস্যার কারণে বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে আসার যে রাস্তা সেটাই যেন বাধা হয়ে দাঁড়াল সেই শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে। এ ঘটনা নজরে আসলে এ বিষয়ে তাৎক্ষনিকভাবে ওই এলাকার জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করে তার উচ্চশিক্ষার পথ সুগম করার আহ্বান জানিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
বুধবার (৯ সেপ্টেম্বর) ওই শিক্ষার্থীর সমস্যার কথা জানিয়ে নিজের ভেরীফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন এবি জুবায়ের। সেখানে তিনি লেখেন,‘আলী নুর, জন্ম থেকেই দুটো পায়ে সমস্যা। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারে না। এইরকম প্রতিবন্ধকতা জয় করে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ভালো একটা ডিপার্ট্মেন্টে পড়াশোনা করছে। প্রচন্ড সম্ভাবনাময় একটা ছেলে ‘
নিত্যাদিনের যাতায়াতের সমস্যা তুলে ধরে জুবায়ের বলেন, ‘সমস্যাটা হয় তার বাড়ি থেকে ক্যাম্পাসে আসতে গিয়ে। অসুস্থতার কারণে হলে থাকা তার পক্ষে সম্ভব না। বাড়ি থেকে প্রতিদিন আসা-যাওয়া করে ক্লাস পরীক্ষায় অংশ নিতে হয়। বাড়ির সামনের যেই রাস্তা দিয়ে মূল রোডে আসে (যেখানে বাস চলে) সেই রাস্তাটার অবস্থা খুব বেহাল। এতোটাই ভাঙাচোরা যে কোনো গাড়িই চলতে পারে না! রাস্তার বেহাল দশার কারণে তার ভার্সিটিতে আসা-যাওয়াই এখন বন্ধ হওয়ার উপক্রম।’
উক্ত রাস্তা সংস্কারের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও লেখেন, ‘আলী নুরের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামে। বাড়ির সামনের ফুলহার তারা জামে মসজিদ রাস্তাটা একটু সংস্কার হলে ছেলেটার পড়াশোনাটা কন্টিনিউ হয়। আমি মুন্সিগঞ্জ-১ আসনের এমপি আব্দুল্লাহ ভাই, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, ইউএনও রূম্পা ঘোষ আপার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই অদম্য ছেলেটার পড়াশোনা কন্টিনিউ করার ব্যবস্থাটা কাইন্ডলি করে দিবেন। মাত্র এক কিলোমিটার একটা রাস্তা সংস্কার করতে হবে। কঠিন কোনো কাজ না।’