ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজার শিক্ষার্থী

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ PM
চিকিৎসাসেবা নিচ্ছেন শিক্ষার্থীরা।

চিকিৎসাসেবা নিচ্ছেন শিক্ষার্থীরা। © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ডাকসু ফ্রি স্পেশালাইজড হেলথ্ ফেস্ট থ্রিসিক্সটি ডিগ্রী’ শীর্ষক বিশেষায়িত স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে প্রায় ৩ হাজার শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। পাশাপাশি ২ হাজারের বেশি শিক্ষার্থী বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়। ফেস্টের সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও আফসানা আকতার।

কার্যনির্বাহী সদস্য আফসানা আকতার বলেন, এ স্বাস্থ্য ফেস্টে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীরা একই জায়গা থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন। শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, ক্যাম্পে ৩০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসকসহ উল্লেখযোগ্যসংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী ও স্টাফ চিকিৎসাসেবা প্রদানে দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিশেষ দিক হিসেবে চিকিৎসা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পরবর্তীতেও একই চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে চেকআপের সুযোগ রাখা হয়েছে। ফলে একদিনের স্বাস্থ্য ক্যাম্পের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের কল্যাণে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ডাকসুর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। অর্থনৈতিক বা অন্য কোনো কারণে যেন কোনো শিক্ষার্থী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই বিনামূল্যে বিশেষায়িত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজন করা হয়েছে। শুধু চিকিৎসা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য সচেতনতা ও প্রয়োজনীয় ফলোআপের আওতায় আনার বিষয়টিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে আরও কার্যকর এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবা উদ্যোগ গ্রহণ করবে ডাকসু।

স্বাস্থ্য ফেস্টে উপস্থিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ডাকসুর সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বর্তমান ডাকসুকে ‘যুগান্তকারী ডাকসু’ হিসেবে অভিহিত করেন।

এ সময় তিনি ডাকসুর বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের অসহযোগিতার নিন্দা জানান। শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর জনমুখী ও শিক্ষার্থী-কেন্দ্রিক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মানারাত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য চৌধুরী মাহমুদ হাসান, ন্যাশনাল ডক্টরস ফোরামের আহ্বায়ক মারুফ শাহরিয়ার, ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দীন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ সহ ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ‘DUCSU FREE SPECIALISED HEALTH FEST 360°’ কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম আগামীকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এতে আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

চিকিৎসাসেবায় হয়রানি ও যন্ত্রপাতি অচলের অভিযোগ, দিনাজপুর মেড…
  • ১১ নভেম্বর ২০২৬
পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব ঠেকিয়ে দিল রিপাবলিকানরা
  • ১১ নভেম্বর ২০২৬
উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে বাধা কাটল, ৫৫ পদ সংরক্ষণের ন…
  • ১১ নভেম্বর ২০২৬
নির্বাচন ছাড়াই ‘জাতীয়তাবাদী’ ইন্টার্নরা মিলে আইডিএ গঠন, আছে…
  • ১১ নভেম্বর ২০২৬
বড় সুখবর পেলেন তাওহীদ হৃদয়
  • ১১ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950