অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীর উপর হামলা

১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৯ PM
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শিক্ষার্থী মেহেদী হাসান

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শিক্ষার্থী মেহেদী হাসান © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত নির্ধারিত ৭ টাকার ভাড়ার পরিবর্তে ১০ টাকা দাবি করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে হাসান নামের এক সিএনজি চালক মেহেদীর ওপর হামলা চালায়।

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘ সময় সড়ক অবরোধের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১.হামলাকারীকে আজকের রাতের মধ্যে গ্রেফতার করতে হবে
২.গ্রেফতার না হওয়া পর্যন্ত ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সিএনজি চলাচল বন্ধ রাখতে হবে
৩.বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের চারটি চক্রাকার বাস চালু রাখতে হবে
৪.আগামী ৭ দিনের মধ্যে ১ নম্বর গেটে একটি পুলিশ বক্স স্থাপন করতে হবে

শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আগামীকাল সকালে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হবে। পরে এ ঘোষণা দিয়ে তারা সড়ক ছেড়ে দেন।

এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁইয়া বলেন, ‘অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় আমরা সড়ক অবরোধ করি। পরে প্রশাসন এসে আমাদের দাবিগুলো শোনে এবং উপাচার্য তা মেনে নেওয়ার আশ্বাস দেন।’

চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামাল হোসেন জানান, ‘আহত শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে কাটা-ছেঁড়ার চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

চাকসুর জিএস সাইদ বিন হাবিব বলেন, ‘পহেলা বৈশাখের বাড়তি ভিড়কে কেন্দ্র করে ভাড়া বাড়িয়ে আদায় করা হচ্ছিল। প্রতিবাদ করায় শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়। সিএনজি চালকদের একটি অংশ দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সঙ্গে জড়িত। ১ নম্বর গেটে পুলিশ বক্স স্থাপনের দাবি দীর্ঘদিনের হলেও এখনো বাস্তবায়ন করেনি প্রশাসন। রাতের মধ্যে হামলাকারীকে গ্রেফতার করা না হলে আগামীকাল থেকে অবরোধ চলবে।’

এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘যে সিএনজি চালক শিক্ষার্থীকে আহত করেছে, তাকে গ্রেফতার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সিএনজি চলাচল বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন চক্রাকারভাবে চালু রাখা। আমরা দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।’

ইবতেদায়ী শিক্ষার মানোন্নয়নে সরকারের করণীয়
  • ২৬ আগস্ট ২০২৬
‎জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জা…
  • ২৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ-চীন মেলবন্ধনকে শক্তিশালী করবে এডুকেশন এক্সচেঞ্জ: ম…
  • ২৬ আগস্ট ২০২৬
নওগাঁয় মাদক সেবনের দায়ে ৫ জনকে কারাদণ্ড 
  • ২৬ আগস্ট ২০২৬
গোবিপ্রবিতে ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে…
  • ২৬ আগস্ট ২০২৬
রাজধানীতে সরকারি পিআইসিইউ মাত্র ৪৩, হাসপাতালে হাসপাতালে ঘুর…
  • ২৬ আগস্ট ২০২৬