সাংবাদিককে পাহাড়ে নিয়ে পেটানোর হুমকি দেওয়া নেতাকে ছাত্রদলের শোকজ

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ PM
ছাত্রদল নেতা সিফাতুল ইসলাম

ছাত্রদল নেতা সিফাতুল ইসলাম © সংগৃহীত ও সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে অবৈধভাবে সিট দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হল থেকে টেনে নিয়ে পাহাড়ে উঠিয়ে পেটানোর হুমকি দেওয়া নেতা মো. সিফাতুল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে শাখা ছাত্রদল। সিফাত শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। আজ বুধবার (২৮ জানুয়ারি) চবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আবু হাসনাত মো. রুকনুদ্দিন এই শোকজ নোটিশ দিয়েছেন।

শোকজ নোটিশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আপনার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হল।’

শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এই নির্দেশনা প্রদান করেছেন বলেও উল্লেখ করা হয়েছে শোকজ নোটিশে।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য এম মিজানুর রহমানকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে হুমকি দেন সিফাত। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

সিফাত বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র। হুমকি দেওয়ার সময় তিনি নিজেকে তার সহপাঠী ও আরেক ছাত্রদল কর্মী আব্দুস সালাম সালমান পরিচয় দেন। সালমানের দলীয় পদ না থাকলেও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি দিনাজপুর–২ আসনে বিএনপির আসনভিত্তিক সমন্বয় কমিটির সদস্য বানিয়েছে তাকে। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিনের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলে অবৈধভাবে অবস্থান করায় হল প্রশাসন কর্তৃক ইতোপূর্বে একাধিকবার হলত্যাগের নোটিশ দেয়। যদিও সালমান তা উপেক্ষা করেন। এছাড়া তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

সাংবাদিককে হুমকি দেওয়ার সংশ্লিষ্ট ফোনালাপের একটি অডিও রেকর্ড দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে। অডিও রেকর্ডে হুমকিদাতা নিজেকে ‘সালমান’ পরিচয় দিয়ে সাংবাদিককে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় মারধরের হুমকি দেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আপনি যে নিউজ করলেন, আপনাকে এটার অনুমতি দিল কে? …….. একেবারে ভাইঙ্গা দিমু। ফরহাদ হল থেইকা টাইন্না নিয়া নীড়া পাহাড়ে উডামু। এমন কোনো *(অশ্রাব্য গালি) নাই যে আপনারে ঠেকাইবে।’

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্…
  • ২৩ আগস্ট ২০২৬
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে শিক্ষাসফরে গেল এনএসইউ’র মার্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন দুইদিনে ৭ হাজার ছাড়াল
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ইউএস-বাংলা এয়ারলাইনসে, আবেদন ৩ সেপ্টেম্…
  • ২৩ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী  
  • ২৩ আগস্ট ২০২৬
না ফেরার দেশে ঢাবি ছাত্র হাবিবুর রহমান শুভ
  • ২৩ আগস্ট ২০২৬