হোয়াটসঅ্যাপের নতুন ফিচার © টিডিসি ছবি
এবার বিল দিতে আলাদা আলাদা অ্যাপ ঘাঁটতে হবে না। পরিচিত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ থেকেই দেওয়া যাবে বিদ্যুৎ, গ্যাস, পানি থেকে শুরু করে ক্রেডিট কার্ডের বিল ও ঋণের কিস্তি। প্রাথমিকভাবে ভারতে চালু হওয়া নতুন এই সুবিধায় এক জায়গা থেকেই দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন বিল পরিশোধ করা যাবে।
হোয়াটসঅ্যাপের এই বিল পেমেন্টস পরিষেবা ভারতের ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। পরিষেবাটি ধীরে ধীরে সারা বিশ্বে চালু করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএসের সব ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন এই পরিষেবা Bharat Bill Payment System (BBPS)-এর Bharat Connect নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে। এর আওতায় রয়েছে প্রায় ২২ হাজার ৭২২টি বিলার এবং ৩০টি বিলের বিভাগ। ফলে আলাদা আলাদা বিল পরিশোধের জন্য বারবার অন্য অ্যাপে যাওয়ার প্রয়োজন কমবে।
হোয়াটসঅ্যাপের নতুন পরিষেবায় বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল দেওয়া যাবে। এর পাশাপাশি FASTag, ইনস্যুরেন্স, ক্রেডিট কার্ডের বিল এবং ঋণের কিস্তিও পরিশোধ করা যাবে। BBPS-এর আওতায় থাকা আরও বিভিন্ন পরিষেবার বিলও এই ব্যবস্থায় দেওয়া যাবে।
একই বিলারের অধীনে একাধিক অ্যাকাউন্ট রাখার সুবিধাও থাকবে। ফলে নিজের বাড়ির পাশাপাশি অফিস বা পরিবারের অন্য সদস্যদের বিলও একটি জায়গা থেকে পরিচালনা করা সম্ভব হবে।
হোয়াটসঅ্যাপ থেকে বিল পরিশোধের প্রক্রিয়াটিও বেশ সহজ। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে হোম স্ক্রিনের উপরে থাকা ₹ আইকনে ট্যাপ করতে হবে। এরপর যে ধরনের বিল দিতে চান, সেই বিভাগ নির্বাচন করতে হবে। সেখানে বিদ্যুৎ, পানি, গ্যাস বা ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন অপশন পাওয়া যাবে।
এরপর তালিকা থেকে সংশ্লিষ্ট বিলার বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। প্রয়োজনীয় গ্রাহক নম্বর বা অ্যাকাউন্টের তথ্য দিয়ে তা যাচাই করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে দেখানো বিলের পরিমাণ ও অন্যান্য তথ্য দেখে পেমেন্টের পদ্ধতি নির্বাচন করা যাবে।
ইউপিআই, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে। পেমেন্ট নিশ্চিত করলেই সংশ্লিষ্ট বিলের টাকা পরিশোধ হয়ে যাবে।
শুধু নতুন বিল পরিশোধ নয়, আগের পেমেন্টের তথ্যও দেখা যাবে হোয়াটসঅ্যাপের বিল পেমেন্টস বিভাগে। পাশাপাশি আসন্ন বিলের তথ্যও পাওয়া যাবে। আগে যেসব বিলারের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, সেগুলোও দ্রুত ব্যবহারের জন্য দেখা যেতে পারে।
মেটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অরুণ শ্রীনিবাস বলেছেন, ‘কোটি কোটি ভারতীয়ের কাছে হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা, নাগরিক পরিষেবা পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম। সব কিছুই অ্যাপের বাইরে না গিয়েই করা যায়। আমরা চাই হোয়াটসঅ্যাপে বিল মেটানো যেন একটি বার্তা পাঠানোর মতোই সহজ হয় এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ডিজিটাল পেমেন্টের এই সুবিধা পান।’
এর মাধ্যমে ভারতে হোয়াটসঅ্যাপের সেবার পরিধি আরও বাড়ল। যোগাযোগের পাশাপাশি মোবাইল রিচার্জ, UPI পেমেন্ট ও মেট্রো-সংক্রান্ত সেবার পর এবার বিদ্যুৎ, গ্যাস, পানি, ইনস্যুরেন্সসহ বিভিন্ন বিল পরিশোধের সুবিধাও যুক্ত হলো প্ল্যাটফর্মটিতে।