প্রতীকী ছবি © এআই সৃষ্ট ছবি
বারবার ছাতা হারানোর অভ্যাস অনেকের কাছেই স্বাভাবিক একটি ঘটনা। বাস, ট্রেন, অফিস, রেস্তোরাঁ, শপিং মল কিংবা পরিচিত কারও বাসা প্রায় সব জায়গাতেই অসাবধানতাবশত ছাতা ফেলে আসার অভিজ্ঞতা রয়েছে অনেকের। মনোবিজ্ঞানীরা বলছেন, এটি শুধু অসাবধানতার ফল নয়; বরং মানুষের মনোযোগ ও স্মৃতির স্বাভাবিক কিছু আচরণগত বৈশিষ্ট্যের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।
মনোবিজ্ঞানে আউট অব সাইট, আউট অব মাইন্ড নামে একটি পরিচিত ধারণা রয়েছে। অর্থাৎ, কোনো বস্তু চোখের সামনে না থাকলে মস্তিষ্ক ধীরে ধীরে সেটিকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। বৃষ্টির সময় ছাতা প্রয়োজনীয় হওয়ায় সেটি আমাদের মনোযোগে থাকে। কিন্তু গন্তব্যে পৌঁছে বৃষ্টি থেমে গেলে ছাতা বন্ধ করে পাশে রাখার পর মস্তিষ্ক ধরে নেয়, এর প্রয়োজন শেষ। ফলে কিছুক্ষণের মধ্যেই সেটির কথা ভুলে যাই।
বিশেষজ্ঞরা আরও বলছেন, মোবাইল ফোন, মানিব্যাগ বা চাবির মতো জিনিসের সঙ্গে মানুষের আবেগ ও প্রয়োজনীয়তার সম্পর্ক বেশি। তাই এগুলো হারালে দ্রুত টের পাওয়া যায়। কিন্তু অধিকাংশ মানুষ মনে করেন, ছাতা হারিয়ে গেলে আবার কিনে নেওয়া সম্ভব। এই মানসিকতার কারণে মস্তিষ্ক ছাতাকে ততটা গুরুত্বপূর্ণ হিসেবে সংরক্ষণ করে না।
আবহাওয়ার দ্রুত পরিবর্তনও এ অভ্যাসের একটি কারণ। বাড়ি থেকে বের হওয়ার সময় বৃষ্টি থাকলেও গন্তব্যে পৌঁছানোর আগেই রোদ উঠতে পারে। তখন মনোযোগও বদলে যায় এবং ছাতার প্রয়োজনীয়তা কমে আসে। ফলে বাসের সিট, অফিসের কোণা কিংবা রেস্তোরাঁর টেবিলের পাশে ছাতা ফেলে আসার ঘটনা ঘটে।
ব্যস্ত জীবনযাত্রাও ছাতা হারানোর ঝুঁকি বাড়ায়। অফিসের চাপ, ফোনকল, মিটিং, কেনাকাটা বা যানজটের মধ্যে একসঙ্গে অনেক বিষয়ে মনোযোগ দিতে গিয়ে ছোটখাটো জিনিস ভুলে যাওয়া স্বাভাবিক। বিশেষ করে তাড়াহুড়ো করে বাস বা ট্রেন থেকে নামার সময় মানুষের মনোযোগ থাকে ব্যাগ, মোবাইল বা গন্তব্যের দিকে। তখন ছাতা সহজেই চোখ এড়িয়ে যায়।
মনোবিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, মানুষ সাধারণত দামি বা নিজের পছন্দের ছাতা তুলনামূলক কম হারান। কারণ, মূল্যবান বা প্রিয় জিনিসের প্রতি মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বেশি মনোযোগ দেয়। তাই নিজের পছন্দের রং বা ডিজাইনের ভালো মানের ছাতা ব্যবহার করলে সেটি মনে রাখার সম্ভাবনাও বাড়ে।
আরও পড়ুন : নেটফ্লিক্সের শেয়ারের দামে ৯ শতাংশ হ্রাস
ছাতা হারানোর প্রবণতা কমাতে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ছাতা কখনো পাশে না রেখে হাতে বা কোলে রাখুন। বাসা বা কোনো স্থান থেকে বের হওয়ার আগে মোবাইল, মানিব্যাগ ও চাবির সঙ্গে ছাতাও মনে করার অভ্যাস করুন। ভাঁজ করা ছাতার ফিতে ব্যাগের হাতল বা স্ট্র্যাপের সঙ্গে আটকে রাখা যেতে পারে।
অন্যের বাড়ি বা অফিসে গেলে ছাতা এমন জায়গায় রাখুন, যেখান দিয়ে বের হওয়ার সময় অবশ্যই চোখে পড়বে। পাশাপাশি উজ্জ্বল রঙের বা আলাদা ডিজাইনের ছাতা ব্যবহার করলে সেটি সহজেই নজরে আসে।
বিশেষজ্ঞদের মতে, বারবার ছাতা হারিয়ে ফেলা কোনো রোগ নয়। এটি মূলত মানুষের মনোযোগ, অভ্যাস এবং অবচেতন মস্তিষ্কের স্বাভাবিক আচরণের ফল। তবে দৈনন্দিন কিছু ছোট অভ্যাস পরিবর্তন করে এবং ছাতাকে প্রয়োজনীয় ব্যক্তিগত জিনিস হিসেবে গুরুত্ব দিলে এ সমস্যার অনেকটাই এড়ানো সম্ভব।